মেডিকেল রস

বাবা–মা খুব করে নিষেধ করে দিয়েছেন, আমি যেন রাত জেগে না পড়ি। কিন্তু এত পড়া যে রাত না জেগে উপায়ও নেই। কালও রাত দুইটা পর্যন্ত পড়েছি।
তা কয়টায় পড়তে বসেছিলি?
ওই তো পৌনে দুইটায়!

ডেন্টিস্ট সায়িদ বললেন, ‘দেখুন, আপনাকে নিষেধ করলাম, এত চিৎকার করবেন না, এখনো আমি আপনার দাঁতে হাতই দিইনি!’ রোগী মিন মিন করে বললেন, ‘তা ঠিক। কিন্তু আপনি আমার পায়ের ওপর দাঁড়িয়ে আছেন!’
মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছিলেন ডাক্তার মুরাদ, ‘তোমাদের কিন্তু সাবধান করে দিচ্ছি, ওষুধের ডোজে কখনো ভুল করবে না। এমন ভুলে রোগী মারা পর্যন্ত যেতে পারে। এই জুয়েল, তুমি বলো তো হৃৎস্পন্দন কমাতে ওই ওষুধটা ঠিক কী পরিমাণ দেবে?’ জুয়েল বলল, ‘স্যার, এক শ মিলিগ্রাম।’ ডাক্তার মুরাদ রাগে কোনো কথাই বলতে পারলেন না, অন্য একটা বিষয় পড়াতে শুরু করলেন। কিছুক্ষণ পর জুয়েল আবার হাত তুলল, ‘স্যার, মনে পড়েছে, আমি পরিমাণটা পরিবর্তন করতে চাই।’ ডাক্তার মুরাদ বই থেকে মুখ তুলে বললেন, ‘কোনো লাভ নেই, তোমার রোগী কিছুক্ষণ আগে মারা গেছে!’
‘আমি আগেই নিষেধ করেছিলাম, অযথা দুশ্চিন্তা করবেন না, কেবল হাসপাতালের বিছানায় শুয়ে–বসে না থেকে কিছু হাঁটা–চলা করার
চেষ্টাও করবেন। দেখলেন তো, আপনি এখন সুস্থ। আসলে অবস্থার এতটা উন্নতির অর্ধেকটাই হয়েছে আপনার মনোবলের জন্য।’
রোগী উৎফুল্ল হয়ে উঠে বলল, ‘তাহলে ডাক্তার সাহেব, আপনাদের বিলটাও কি অর্ধেক দেব?’