মেডিকেল রস
মেডিকেল কলেজে নতুন ভর্তি হয়েই বিশাল বিশাল বইয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আদিল। তার এক বন্ধু জিজ্ঞেস করল, ‘গ্রের অ্যানাটমি বইটা পড়তে কেমন লাগছে রে?’ আদিলের জবাব, ‘এককথায় অসাধারণ বই! একবার বন্ধ করলে আর খোলাই যায় না!’
ছোট্ট রিমিকে তার বাবা–মা নিয়ে এসেছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাকিলের চেম্বারে। রিমি চিৎকার করে বলতে লাগল, ‘এখানে তো সব পিচ্চিরা বসে আছে! আমি কি এখনো ছোট আছি? আমি কিছুতেই শিশু ডাক্তার দেখাব না।’ পাশ থেকে ছয়–সাত বছরের এক ছেলে বলে উঠল, ‘না, ডাক্তার আংকেলকে আমি নিজে দেখে এসেছি! উনি মোটেও শিশু ডাক্তার নন! বেশ বড় ডাক্তার, চুলও পেকেছে!’
শিশুবিশেষজ্ঞ ডাক্তার সায়িদের চেম্বারে একদিন এক মহিলা গিয়ে ঢুকলেন। সায়িদ জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, আপনার বেবি কোথায়?’
: তাকে আনার জন্যই সিরিয়াল দিয়েছিলাম। কিন্তু এল না! নতুন একটা কার্টুন শুরু হয়েছে, না দেখে উঠবে না!
: তা ওর সমস্যাটা কী?
: ওই যে টিভির সামনে থেকে নড়তে চায় না। খালি কার্টুন দেখে।
: তা কার্টুনটা শেষ হলেই ওকে নিয়ে আসতেন।
: কিন্তু তখন যে একটা সিরিয়াল শুরু হবে। আমি কীভাবে আসব?