মেডিকেল রস
* সেদিন সন্ধ্যায় আমার চেম্বারে এক রোগী এসে ঢুকলেন। আগেই ফোনে সিরিয়াল নিয়েছিলেন।
জিজ্ঞেস করলাম, ‘কী সমস্যা?’
রোগী বললেন, ‘সমস্যা নাই, স্যার।’
: তাহলে ডাক্তার দেখাতে এলেন যে?
: বাসা থেকে অসুস্থ মনে করেই রওনা দিয়েছিলাম, জ্যামে বসে থাকতে থাকতেই সুস্থ হয়ে গেছি।
* প্রেসক্রিপশন নিয়ে রোগী গেলেন ফার্মেসিতে। ফার্মেসিওয়ালা বললেন, ‘এটা এখানে পাওয়া যাবে না। আপনি পাশের ওই ফলের দোকানে যান।’ ভদ্রলোক অবাক। কিন্তু কী আর করা, যেহেতু অন্য কোনো উপায়ও নেই, তাই তিনি ফলের দোকানেই গেলেন। ফলের দোকানদার হাঁ করে কতক্ষণ প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে থেকে বললেন, ‘এটা আমার কাছে এনেছেন কেন? পাশের ফার্মেসিতে যান।’ রোগী ভদ্রলোক এবার অন্য আরেকটা ফার্মেসিতে গেলেন। সেখানেও ফার্মেসিওয়ালা ফলের দোকানেই পাঠালেন।
ভদ্রলোক হতভম্ব হয়ে আবার গেলেন ডাক্তারের কাছে, ‘ডাক্তার সাহেব, এখানে কী লিখেছেন?’
‘বেশি করে ফলমূল খাওয়ার কথা লিখেছি।’ ডাক্তারের জবাব।
* : পাড়ার ডাক্তার আমার কাটা ঘায়ে প্রতিদিন নুনের ছিটা দিচ্ছেন।
: মানে?
: মানে আর কী, দেখা হলেই জিজ্ঞেস করছেন, তাঁর চিকিৎসায় আমার রোগ ভালো হয়েছে কি না!
* সিনিয়র চিকিৎসক রোগীর ব্যাপারে জুনিয়র এক চিকিৎসকের সঙ্গে আলোচনা করছেন, ‘আমি তার পটাশিয়াম লেভেল নিয়ে চিন্তিত। পটাশিয়াম লেভেলটা দ্রুত নামাতে হবে। সোডিয়ামটা আপাতত ঠিক আছে।’
রোগী সেটা শুনে বেশ রেগেই গেলেন। নিচু গলায় পাশের রোগীকে বললেন, ‘ভাই, বলুন তো, আমি আমার কেমিক্যাল ব্যবসার হিসাব শোনার জন্য এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছি? যত্তসব!’