মেডিকেলে লেখাপাড়া
ভর্তি পরীক্ষায় ৩০-৩৫ হাজার পরীক্ষার্থীকে ছিটকে ফেলে প্রথম ১৭৫ জন সুযোগ পান ঢাকা মেডিকেল কলেজে। তারপর যথাক্রমে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, ময়মনসিংহ, চট্টগ্রাম...।ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী তাসনুভা। প্রতি বিভাগের সুসজ্জিত ল্যাব আর অ্যানাটমি ডিসেকশন হল দেখে তিনি মুগ্ধ। তৃতীয় বর্ষের ইউসুফ, বাংলাদেশের একমাত্র ডিএনএ ল্যাব দেখে তাঁর বিস্ময়ের ঘোর কাটছেই না। অবশ্য সব মেডিকেল কলেজের চিত্রটা এমন নয়। একটু পেছনের দিকের মেডিকেল কলেজগুলোয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা, দক্ষ শিক্ষকেরও ঘাটতি আছে বেশ কিছু বিভাগে। সবারই তাই চেষ্টা থাকে প্রথমদিকের মেডিকেল কলেজগুলোয় সুযোগ নেওয়ার। একদিন যে বিস্ময়মাখা চোখে প্রথম পা রেখেছিলেন কলেজের সিঁড়িতে, সেই সিঁড়ি বেয়ে নেমে যাবেন চিকিৎসাসেবার ব্রত নিয়ে।পুরো মাসই মনটা বেশ খারাপ সাইফের। ছাত্রজীবনের শেষ বিশ্বকাপটাই মজা করে আর দেখা গেল না। জুলাইয়ের ১ তারিখ থেকে দ্বিতীয় পেশাগত পরীক্ষা শুরু হয়েছে তাঁর। সুতরাং বিশ্বকাপটাই গেল পানসে হয়ে। এদিকে নির্ঝর বেশ খুশি, আর যাই হোক, মেডিকেলে সেশনজট নেই, এক দিনও না। যা কিছুই হোক না কেন, পরীক্ষা সময়মতো হবেই। মেডিকেলে পেশাগত পরীক্ষা দিতে হয় তিনটি। দ্বিতীয় বর্ষে একবার, চতুর্থ বর্ষে একবার আর শেষটা পঞ্চম বর্ষে। প্রথম পেশাগত পরীক্ষা হয় অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। দ্বিতীয় পেশাগত পরীক্ষায় থাকে প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন আর কমিউনিটি মেডিসিন। আর একদম শেষে দিতে হয় মেডিসিন, সার্জারি আর গাইনি পরীক্ষা।‘দ্বিতীয় পেশাগত পরীক্ষাই সবচেয়ে কঠিন। পাঁচ সাবজেক্ট একবারে পরীক্ষা দেওয়া সহজ নয়। মতামত ঢাকা মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র রনির। মাঝখান থেকে ফোড়ন কাটে নির্ঝর, শেষে তুমি একই কথা বলবে।’‘আর যাই হোক রে ভাই, ফাইনাল প্রুফে তো আইটেমের ঝামেলা নেই।’ রনির পাল্টা উত্তর। মেডিকেল জীবনের বড় অংশজুড়ে থাকে আইটেম। প্রতিটি সিস্টেম হলো একটি কার্ড। একেকটি কার্ডে থাকে অনেকগুলো আইটেম। ব্যাচ টিচারের কাছে সব আইটেম দিলে তবেই অনুমতি মেলে কার্ড পরীক্ষা দেওয়ার। দুই বা তিন কার্ড মিলে একেকটি টার্ম। সব টার্ম পাস করলে তবেই ক্লিয়ারেন্স মেলে পেশাগত পরীক্ষা দেওয়ার। মাঝখানে কোনো ফাঁকির সুযোগ নেই। আর এতেই মহাবিরক্ত সাইফ। ‘আম-কাঁঠাল শেষ হয়ে গেল, একটা দিন গ্রীষ্মের ছুটিও পেলাম না। বাসায় যাব ঈদে, বড়জোর সাত দিন ছুটি, তাও যেতে-আসতেই দুই দিন শেষ। তবে আস্তে আস্তে মানিয়ে যান সবাই। সরকারি ছুটির দিন ছাড়া মেডিকেল কলেজ বন্ধ থাকে না কখনোই। সকাল সাতটায় উঠে ছুটতে হয় ক্লাসে। সকালে দুটি লেকচারের পর দুই ঘণ্টা হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাস, চলে হাতে-কলমে শেখানোর পালা। তারপর আবার তিনটি লেকচার। রুমে ফিরতে আড়াই-তিনটা বাজে প্রতিদিনই। সন্ধ্যায় আবার হাসপাতাল, সাতটা থেকে নয়টা। ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে ওঠার অক্লান্ত প্রচেষ্টা...।এইচএসসির পর হঠাৎ করেই পুরো পড়াশোনা শুরু হয় ইংরেজিতে। প্রথম প্রথম অনেকেরই সমস্যা হয় একটু। এ সমস্যা কাটানোর জন্য প্রথম বর্ষে প্রথম তিন মাসে থাকে একটি বেসিক ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স। ক্লাস নেন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকেরা।চিকিৎসাবিদ্যাটি যেমন একই সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা আর দক্ষতা—মেডিকেলে পড়াশোনার তাই বড় অংশজুড়েই থাকে মৌখিক আর ব্যবহারিক। আর সেই সঙ্গে পেশাগত সৌহার্দ্যবোধের ওপরও জোর দেওয়া হয়, শেখানো হয় রোগীদের যথাযথ সম্মান দেখাতে। সব মিলিয়ে পরিপূর্ণ একটি একাডেমিক কারিকুলাম।