মেডিকেলের অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখানকার সবকিছুই ভালো লাগে। সমস্যা হয় শুধু খাবারে। তরকারিতে বেশি ঝাল, তেলও বেশি মনে হয়। এ ছাড়া প্রায় সবই তো আমাদের সঙ্গে মিল আছে। কথাবার্তা, চালচলন বাকি সব।’ চমৎকার বাংলায় নিজের অনুভূতি জানালেন ভারতের আসাম রাজ্যের মেয়ে শেহনাজ আহমেদ। তাঁর দলে ছিলেন তিনজন। তোরাংবাম বন্দনা দেবী, নাইটোজাম প্রিয়ালক্ষ্মী দেবী ও নংথোবাম মনিকা। তাঁরা ভারতের মণিপুরের বাসিন্দা। তাঁদের সঙ্গে আলাপে বোঝা গেল, এখনো সবকিছু রপ্ত হয়নি। পড়াশোনার চাপ আছে। তাই মনোযোগটা ওদিকেই বেশি। কথার ফাঁকে এগিয়ে এলেন ভুটানের সোনাম কাঙমো ও সোনাম পেম। এখনো কেবলই তাঁদের বাড়ির লোকজনের কথা মনে হয়। সোনাম বললেন, ‘বেশি দিন হয়নি তো এখানে এসেছি, তাই এমন লাগছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি।’ এঁরা চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী।এখানকার তিন হাজারেরও বেশি শিক্ষার্থীর মধ্যে এক হাজারের মতো বিদেশি শিক্ষার্থী রয়েছেন। আর তাঁদের বেশির ভাগই চিকিৎসাশাস্ত্র নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে এসেছেন। সার্কভুক্ত দেশগুলো ছাড়াও জর্ডান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুদান, নরওয়ে প্রভৃতি দেশের শিক্ষার্থী রয়েছেন।পাহাড়ের গায়ে বিশাল ক্যাম্পাস। ১৯৯৩ সালের ২৪ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের ফয়’স লেক এলাকায়। সবার কাছে পরিচিত ‘ইউএসটিসি’ (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং) হিসেবে। এর শুরুটা হয় ১৯৮৯ সালের ১৩ মে। তখন এর নাম ছিল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস)। আর সে পথচলায় সঙ্গী ছিলেন মাত্র ৪২ জন শিক্ষার্থী। আর তখন এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন একটি ইনস্টিটিউট হিসেবে পরিচালিত হচ্ছিল। বর্তমানে ইউএসটিসির শিক্ষা কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত পাঠক্রম ও বিধিমালা অনুযায়ী। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জেনারেল মেডিকেল কাউন্সিল অব গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড মেডিকেল কাউন্সিল, নেপাল মেডিকেল কাউন্সিল, শ্রীলঙ্কা মেডিকেল কাউন্সিলের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলেরও স্বীকৃতি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম।প্রথমে ফ্যাকাল্টি অব মেডিসিন ও ফ্যাকাল্টি অব বেসিক মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস নামে দুটি অনুষদ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও ফ্যাকাল্টি অব হিউমিনিটিস অ্যান্ড সোশ্যাল সায়ন্সেস। এসব অনুষদের অধীন আটটি স্নাতক ও পাঁচটি স্নাতকোত্তর কোর্স চালু আছে। এর মধ্যে স্নাতক পর্যায়ে রয়েছে এমবিবিএস, বি. ফার্ম, বিবিএ, বিএ, বি. ইঞ্জি. ও বিএসসি ইন বায়োটেকনোলজি। স্নাতকোত্তর পর্যায়ে থাকছে এমডি, এম ফার্ম, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও এমএ। এ ছাড়া ইউএসটিতে ফ্যামিলি মেডিসিন ডিপ্লোমা (এফএমডি) ও ডিএমইউডি নামে দুটি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য পৃথক আবাসনব্যবস্থা রয়েছে ক্যাম্পাসের পাশেই। ‘গুলমেহের হল’ ছাত্রীদের এবং সাইয়েদুর রহমান ইন্টারন্যাশনাল হল এবং সিদ্দিকুল্লাহ হলে ছাত্রদের থাকার ব্যবস্থা। পড়াশোনার বাইরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক প্রভৃতির আয়োজন করা হয়। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ।চারপাশে সবুজের ছড়াছড়ি, পাহাড়ের কোলঘেঁষে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন নেপালের চাঁদনী তামাং ও বিনোদ তামাং। এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী শ্রীলঙ্কার এ জি এম এম ধর্মদর্শি ও চতুর্থ বর্ষের ফজলে ফারুক জানালেন, ‘এখানে আমাদের বেশ ভালো লাগে। অবসরে আড্ডা তো চলেই। ঘুরে বেড়াই। আর মাঝেমধ্যে আমরা নিজেরা মিলে ফুটবল খেলার আয়োজন করি।’ ইউএসটিসির কেন্দ্রীয় লাইব্রেরিকে অনেকে দেশের সর্ববৃহৎ ‘মেডিকেল লাইব্রেরি’ বলে থাকে। এতে ১৫০ জন পাঠকের একসঙ্গে বসার ব্যবস্থা রয়েছে। পরীক্ষাগারে (ল্যাবরেটরি) রয়েছে আধুনিক যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয়ে আলো ও শব্দ নিয়ন্ত্রণের সুব্যবস্থাসহ ৪০০ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন রয়েছে। কাজ চলছে ৮০০ আসনের আরও একটি মিলনায়তন তৈরির ।ভর্তির নিয়ম: এমবিবিএসে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি দুটো মিলে জিপিএ-৮ পেতে হবে। অবশ্য সরকারের সিদ্ধান্তমতে ভর্তির এ লক্ষ্যমাত্রা প্রতিবছর পরিবর্তন হয়ে থাকে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়। বিদেশি শিক্ষার্থীদের বেলায় ‘প্রতিষ্ঠাতা উপাচার্য, ইউএসটিসি’ বরাবরে মেইল, ই-মেইল অথবা ফ্যাক্সের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র পাওয়া যাবে বিদেশে বাংলাদেশ মিশনে। আর স্থানীয় শিক্ষার্থীরা এসব প্রয়োজনীয় কাগজপত্র পাবেন ঢাকা ও চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় নির্ধারিত বিভিন্ন ব্যাংক থেকে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যাবতীয় খবর জানা যাবে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে। ঠিকানা: চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), ফয়’স লেক, খুলশি, চট্টগ্রাম। ফোন: ০৩১-৬৫৯০৭০-১, ০৩১-৬৫৯৫৯৩-৪।