মেডেলের মালেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালেকা পারভীনের সফলতার স্মারক এই মেডেলগুলো। ছবি: অধুনা
মালেকা পারভীনের সফলতার স্মারক এই মেডেলগুলো। ছবি: অধুনা

ফুটবল, নৌকাবাইচ, সাইক্লিং, কাবাডি কিংবা অ্যাথলেটিকস—মালেকা পারভীন খেলাধুলার প্রায় সব বিভাগে সফল। স্বীকৃতি হিসেবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে পদক পেয়েছেন ২৫০টিরও বেশি। এর মধ্যে এককভাবে পেয়েছেন ২০০টি। বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মহিলা ব্যাটালিয়ন-১-এর নায়েক হিসেবে কাজ করছেন। এই বাহিনীতে ১৯৯০ সালে যোগ দেন তিনি।
মালেকা পারভীনের খেলোয়াড়জীবনের শুরুটা খুব মজার। গ্রামে মোরগলড়াই খেলতে ভালোবাসতেন। মানিকগঞ্জের উজান বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই খেলার প্রতি আগ্রহ। মালেকার বাবা আবদুল হামিদ বেপারী কৃষক এবং মা শুকুরুন্নেছা গৃহিণী। আট ভাইবোনের মধ্যে মালেকা সপ্তম। খেলাধুলার বিষয়ে মেয়ের আগ্রহ দেখে মা-বাবা তাঁকে সব সময় উৎসাহ দিতেন।

মালেকা পারভীনের সফলতার স্মারক এই মেডেলগুলো। ছবি: অধুনা
মালেকা পারভীনের সফলতার স্মারক এই মেডেলগুলো। ছবি: অধুনা

মালেকার অর্জন
আনসারে যোগ দেওয়ার পর ১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সার্ক সাইক্লিংয়ে ব্রোঞ্জপদক অর্জন করেন। এরপর ২০০২ সালে দিল্লির সার্ক সাইক্লিংয়ে রুপা ও ব্রোঞ্জ, ২০০৫ সালে ভারতের হায়দরাবাদে এশিয়ান গেমস কাবাডিতে ব্রোঞ্জ, আবার ২০০৬ সালে সাউথ এশিয়ান গেমস, শ্রীলঙ্কায় কাবাডিতে ব্রোঞ্জজয়ী দলের অন্যতম সদস্যও তিনি।
মালেকা বলেন, ‘২০১০ সালে চীনের গুয়াংজুতে কাবাডিতে ব্রোঞ্জপদক পাই আমি। একই বছরে ঢাকা ১১তম সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) রুপা, গুয়াংজু এশিয়ান গেমসসহ এশিয়ান বিচ গেমস ও সাউথ এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জজয়ী দলের অধিনায়ক ছিলাম। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সাইক্লিং ও নৌকাবাইচে একটানা স্বর্ণপদক জিতেছি। ফলে, খেলাকে ঘিরে জীবনের সবকিছু জড়িত।’
এ ছাড়া মালেকা পারভীন কাবাডিতেও রুপা, ব্রোঞ্জসহ সম্মান বয়ে আনেন দেশের জন্য। সম্প্রতি আন্তর্জাতিক কাবাডি দল থেকে বিদায় নিলেও মালেকা এখন আনসার বাহিনীর হয়ে সাইক্লিং, ফুটবল ও নৌকাবাইচ খেলায় অংশগ্রহণ করেন। এমনকি এই বাহিনীর কাবাডি মহিলা দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ আনসার বাহিনীতে খেলাধুলায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে ১২ ফেব্রুয়ারি ‘সেবা পুরস্কার’ দেওয়া হয় মালেকাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে ৭৫ হাজার টাকার চেক, মেডেল ও সনদ তুলে দেন।
মালেকা পারভীন বলেন, ‘আমার যত অর্জন, আমার যত পাওয়া, সবই সম্ভব হয়েছে এই বাহিনীর জন্য। মা-বাবা এখন বেঁচে নেই। এখন এই বাহিনীর সদস্যরাই আমার কাছে পরিবারের সদস্যদের মতো। এরাই সবকিছু। যত দিন বেঁচে থাকব, এই বাহিনীর জন্য কাজ করে যাব।’