মেতে উঠুন বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিক এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে মুখরিত। কী চায়ের টেবিলে, কী ক্লাসের ফাঁকের আড্ডা! সারা দেশ ফুটবলজ্বরে আক্রান্ত! শহরে-গ্রামে পছন্দের দলটির পতাকা তুলছেন অনেকেই। আবার অনেকেই ব্যস্ত পছন্দের দল ও পছন্দের খেলোয়াড়টির জার্সি সংগ্রহে। ‘দলের প্রিয় খেলোয়াড়ের জার্সি পরলেই যে অন্য এক অনুভূতি! ভাবটা এমন, আমি তাদেরই একজন!’ বললেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহান। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে বিভিন্ন দোকানে প্রিয় দলের জার্সি কেনার হিড়িক পড়ে গেছে। এলিফ্যান্ট রোডের পোশাক বিক্রেতা শাওন মাহমুদ বলেন, ‘বিশ্বকাপের আগে এমন এক অবস্থা হয় যে জার্সি সরবরাহ করতে হিমশিম খেতে হয় আমাদের।’ তবে বাজার ঘুরে দেখা গেল,্র আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সিই সবচেয়ে বেশি চলছে এবং পছন্দের খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর লেখা জার্সিগুলোরই সবচেয়ে বেশি চাহিদা এখন। এডিটাস, পুমাসহ অন্যান্য ব্র্যান্ডের জার্সিগুলো পাওয়া যাচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। পছন্দের খেলোয়াড়ের নাম লেখা জার্সিগুলোর দাম পড়বে ৮০০ টাকা। এ ছাড়া ছোটদের জন্য এসব জার্সি মিলছে ৪০০ টাকার মধ্যে। ক্যাটস আই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সব কটি দেশের পতাকা দিয়ে তৈরি টি-শার্ট বাজারে এনেছে। এ ছাড়া একস্ট্যাসিতে পাওয়া যাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। আজিজ সুপার মার্কেটের স্বপ্নবাজ, পঙিক্ত, নিত্যউপহারসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পছন্দের দলের টি-শার্ট মিলবে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। ব্র্যান্ডের নয় এমন জার্সিগুলো কিছুটা কম দামে কিনতে পারবেন। এগুলো পাওয়া যাবে ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। বিশ্বকাপটা তো ফুটবলেরই! আর তাই তো বেড়ে গেছে ফুটবলের বিক্রিবাট্টা। ছোট ফুটবলগুলো মিলছে ৩০০ থেকে ৫০০ টাকায়, মাঝারি বলগুলো পাওয়া যাচ্ছে ৫০০ থেকে এক হাজার টাকায় আর বড় মাপের ফুটবল পাওয়া যাবে এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে। প্রিয় দলের পতাকাও মিলছে বিভিন্ন আকারে। আড়াই ফুট পতাকার দাম পড়বে ৬০ টাকা, সাড়ে তিন ফুট পতাকা ৮০ টাকা, পাঁচ ফুট ১২০ টাকা, ১০ ফুট পতাকার দাম পড়বে ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া দর্জির দোকান থেকে প্রিয় দলের পতাকাটি নিজের চাহিদামতো বানিয়েও নিতে পারেন।বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন আর শুধু জার্সিতেই সীমাবদ্ধ নেই। বাজারে মিলছে প্রিয় দলের পতাকা আদলের মগ। আবার অনেকে এ সময় উপহার হিসেবেও বেছে নিচ্ছে এসব মগ। প্লাস্টিকের তৈরি এসব মগের দাম পড়বে ৩৫০ টাকা ও সিরামিকের তৈরি মগের দাম পড়বে ৪০০ টাকা। এখনকার তরুণেরা ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও প্রিয় দলকে গুরুত্ব দিচ্ছে। বাজারে সদ্য জনপ্রিয় হয়ে ওঠা পিঠে নেওয়ার ফিতাওয়ালা ক্লাব ব্যাগগুলোতেও এর ছোঁয়া দেখা যায়। অনেকে প্রিয় দলের পতাকাসংবলিত এই ব্যাগ অবলীলায় নিজের প্রিয় দলের কথা জানান দিচ্ছে। এসব ব্যাগ মিলছে ২০০ থেকে ৪০০ টাকায়। এ ছাড়া প্রিয় দলের চাবির রিং পাওয়া যাচ্ছে ২৫০ টাকায় ও ব্র্যান্ড পাওয়া যাচ্ছে ১০০ টাকার মধ্যে। দুই ফিতাওয়ালা স্যান্ডেলেও চলে এসেছে বিশ্বকাপ ফুটবলের আবহ। এসব স্যান্ডেল মিলছে ২০০ থেকে ৪০০ টাকায়। প্রিয় দলের বিভিন্ন উপকরণ পাওয়া যাবে বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন শপিং মলে। এ ছাড়া কিছুটা কম দামে পেতে চাইলে বঙ্গবাজার, গুলিস্তান ও ঢাকা কলেজের উল্টো দিকে যেতে পারেন। বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানেও পাওয়া যাবে বিশ্বকাপ ফুটবলের প্রিয় দলের নানা উপকরণ। বিশ্বকাপের মাঠে কোন দল ভালো করবে সে পরের কথা। তার আগে পছন্দের দলটির সমর্থনে কোনো রকম কমতি তো আর রাখা যায় না!