
নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটের এখন অন্য চেহারা। চারদিকে রঙের খেলা। ভবনের দেয়াল যেন হয়ে উঠেছে ক্যানভাস। তাতে রং-তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে গ্রামবাংলার চিত্র। উঠোনে ঠায় দাঁড়িয়ে দুটি হাতি। তার পাশে চলছে মোরগের কাঠামো তৈরি। পেছনে বাঘের শরীরে পড়ছে আঠা দেওয়া কাগজ। মাঝখানে রঙিন মাছ জানান দিচ্ছে তার অবস্থান। আর এক কোনায় আলো ছড়াচ্ছে টেপাপুতুল।
বুঝতে কী আর বাকি আছে কেন এই এলাহী কাণ্ড! বাংলা পঞ্জিতে যে বছর ঘুরে এল পয়লা বৈশাখ। চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ সকালে মঙ্গল শোভাযাত্রা বার্তা ছড়াবে নতুন দিনের। প্রাণের উৎসবে মাতবে সবাই।
গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের দম ফেলারও যেন ফুরসত নেই। কেউ দেয়ালের আঁকা নকশিকাঁথায় তুলির ফোঁড় দিচ্ছেন। আঠা দিয়ে কাগজ লাগাচ্ছেন বিভিন্ন কাঠামোতে। ইনস্টিটিউটের শিক্ষক ও শিল্পী অলক রায় তত্ত্বাবধান করছেন কাজ।
অলক রায় বলেন, ‘এবার আমাদের মূল প্রতীক বাঘ। সুন্দরবনের রক্ষা ও ক্রিকেটের জয়গান হিসেবে প্রতীকটি বেছে নেওয়া হয়েছে।’
চারুকলায় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের পাশাপাশি থাকবে দিনব্যাপী নানা আয়োজন। শুধুই কী চারুকলা, নগরজুড়ে আজ চলবে বর্ষবরণের নানা আয়োজন। বড় আয়োজন থাকছে ডিসি পাহাড়, সিআরবির শিরীষতলা, কেন্দ্রীয় শহীদ মিনার ও শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে। গতকাল বিকেলে বর্ষবিদায় অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে দুদিনের আয়োজন। এ বছর নতুন করে চেরাগী মোড়ে ছোটদের বৈশাখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও রয়েছে দিনব্যাপী আয়োজন। তবে এবার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের অনুষ্ঠান হচ্ছে না।
ডিসি পাহাড়: সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে ৩৮ বছর ধরে এখানে আয়োজিত হয়ে আসছে পয়লা বৈশাখের অনুষ্ঠান। এখানে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। চেরাগী পাহাড় হয়ে বৌদ্ধমন্দির থেকে নন্দাকানন বোস বাদার্স পর্যন্ত বিস্তৃত মেলায় পাওয়া যাচ্ছে ঘর সাজানোর নানা উপকরণ থেকে শুরু করে নিত্যব্যবহার্য সব পণ্য।
বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে সকাল ছয়টায় স্বর্ণময় চক্রবর্তীর উচ্চাঙ্গ সংগীতে। রাগ মিয়া কি টোড়ী দিয়ে নতুন বছরকে আবাহন জানাবেন তিনি। এরপরই থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। এতে থাকবে গান, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসংগীত।
সিআরবি চত্বর: এখানকার প্রধান আকর্ষণ নববর্ষের দিন বেলা তিনটায় সাহাবুদ্দীনের বলীখেলা। এতে লড়েন এই অঞ্চলের কুস্তিগীরেরা। বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে আটটায় বেহালা বাদন দিয়ে। এ ছাড়া থাকবে সাংস্কৃতিক নানা আয়োজন।
শিল্পকলা একাডেমি: শিল্পকলায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল আটটায়। এতে থাকবে সমবেত সংগীত, দেশাত্মবোধক গান, লোক, রবীন্দ্র, নজরুলসংগীত, কীর্তন, আঞ্চলিক, আধুনিক, হারানো দিনের, বিচ্ছেদের মাইজভান্ডারি, জারি ও কবিগান, পুঁথি পাঠ, একক আবৃত্তি এবং দলীয় নৃত্য।
ফুলকি: প্রতিবারের মতো এবারও শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজন করেছে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা। ১২ এপ্রিল থেকে মেলা শুরু হয়েছে, চলবে নববর্ষের দিন বেলা একটা পর্যন্ত। মেলায় রয়েছে চমকপ্রদ বইয়ের সম্ভার, মজাদার কুটুমকাটাম, উত্তেজনাকর খেলাধুলা, বিজ্ঞানের বিস্ময়কর সব আয়োজন।
শহীদ মিনার প্রাঙ্গণ: সকাল ছয়টায় ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের বংশীবাদনের মাধ্যমে পয়লা বৈশাখের অনুষ্ঠানমালার সূচনা হবে। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম, জয়বাংলা শিল্পীগোষ্ঠী, তানসেন ললিতকলা একাডেমি, সপ্তস্বর সংগীত বিদ্যালয়, সৃজনশীল নৃত্যাঙ্গন, নৃত্যাঞ্চল প্রভৃতি সংগঠন। বিকেলের পর্বে অংশ নেবে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, নৃত্যকেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মনোরমা নৃত্যাঙ্গন, বায়েজিদ নজরুল একাডেমি ও শান্তঞ্জলী সংগীত নিকেতন। সবশেষে থিয়েটার ওয়ার্কশপ-চট্টগ্রামের পরিবেশনায় থাকবে নাটক এ পিরিতি সেই পিরিতি নয়।
চেরাগী মোড়: ছোটদের সাংস্কৃতিক সংগঠন শিশুমেলার আয়োজনে ব্যতিক্রমী আয়োজন রয়েছে চেরাগী মোড়ের নন্দন চত্বরে। সকাল নয়টা থেকে শুরু হবে আয়োজন, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে থাকবে তবলা লহড়া, গান, নৃত্য, আবৃত্তি, অভিনয়, চিত্র প্রদর্শনী, জাদু ও শিশুপাঠ্য বইমেলা। এসব কিছুই পরিচালনা ও পরিবেশনায় থাকবে শিশুরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মঙ্গল শোভাযাত্রা, বাউল গান, পুতুল নাচ, বলীখেলাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে আটটায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। সাড়ে নয়টায় আলোচনা সভা ও সাড়ে ১০টায় থাকছে বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা তিনটায় বাউল গান পরিবেশন করবেন সিলেটের বাউল রেনেকা ঠাকুর ও তাঁর দল। বিকেল চারটায় গান করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার ও মনোরঞ্জন ঘোষাল। এ ছাড়া দিনব্যাপী নানা আয়োজনে থাকবে বিশ্ববিদ্যালয়ের জাদুঘর চত্বরে পুতুল নাচ, মুক্তমঞ্চে বলীখেলা, বুদ্ধিজীবী চত্বরে কাবাডি খেলা, বিজ্ঞান অনুষদে লাঠি খেলা ও চাকসু চত্বরে বউচি খেলা।