মেদভেদেভ বনাম পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স এখনো ৫০ হয়নি। সেই হিসেবে তরুণই বলা চলে। কারণ, তাঁর সহযাত্রী, সহকর্মী বা প্রতিদ্বন্দ্বী হিসেবে যাঁরা পরিচিত, তাঁদের বয়স এর চেয়ে ঢের বেশি। এই দিমিত্রি মেদভেদেভ যখন ২০০৮ সালের ৭ মে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তত দিনে সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ্বজোড়া পরিচিতি। বরিস ইয়েলৎসিনের সময়ের রাশিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে উদ্ধার করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন ব্যাপক। রাজনীতি ও কূটনীতিতেও সাফল্য দেখিয়েছেন পুতিন। যত সমালোচনাই হোক, দেশে তাঁর ভাবমূর্তি পশ্চিমের বিপক্ষে বুক ফুলিয়ে দাঁড়াতে সক্ষম এক লৌহমানবের। তাই মেদভেদেভ প্রেসিডেন্ট হয়ে পুতিনকে তাঁর প্রধানমন্ত্রী করলে অনেকেই ধরে নিয়েছিলেন পেছন থেকে আসলে কলকাঠি নাড়বেন সাবেক কেজিবির দুর্ধর্ষ গোয়েন্দা পুতিনই। অর্থাৎ মেদভেদেভ পুতিনের ছায়াতেই ঢাকা পড়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট পদে দুই বছর পার করে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছেন রাশিয়ার এই তরুণ নেতা। যার সর্বশেষ প্রমাণ তিনি রেখেছেন গত মাসে রাজধানী মস্কোর প্রভাবশালী মেয়র ইউরি লুঝকভকে বরখাস্ত করার মাধ্যমে। এই সিদ্ধান্তের মাধ্যমে মেদভেদেভ একটি দৃঢ় বক্তব্য দিতে চেয়েছেন, একাধারে দেশ ও বিশ্ববাসীর কাছে যে, আর কেউ নন, রাশিয়ার দণ্ডমুণ্ডের কর্তা আসলে তিনিই। আর এই দৃঢ়তা ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকেই পুতিনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে।মেদভেদেভ ও পুতিনের মধ্যে কোনো লড়াই হলেও আসল দ্বৈরথটা প্রকাশ্যে হবে না। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কে হবেন, তা ঠিক হবে ক্রেমলিনের বন্ধ দরজার পেছনেই। যাঁরা সিদ্ধান্তটা নেবেন, তাঁরা হচ্ছেন পুতিনের খুব কাছের মানুষদের একটা দল। মেদভেদেভ নিজেও ওই দলের এক কনিষ্ঠ সদস্য। তবে সাম্প্রতিক সময়ে এমন কিছু ইঙ্গিত মিলেছে, যা থেকে মনে করা হচ্ছে, ক্রেমলিনের ওই প্রভাবশালী গোষ্ঠীর অনেকেই পুতিনকে আবার ক্ষমতায় আনার চেয়ে বরং মেদভেদেভকেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দেখতে আগ্রহী। মেদভেদেভের পেছনে রাশিয়ার রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী গোষ্ঠীর সমর্থনের প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য ইঙ্গিতটি মিলেছে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা থেকে। ‘ফরোয়ার্ড রাশিয়া!’ নামের ওই দলটি গঠন করেছে মেদভেদেভপন্থী রুশ রাজনীতির প্রভাবশালী একটি অংশ। এ দলের অনেকেই কিছু দিন আগেও পুতিনের ঘনিষ্ঠ ছিলেন, যেমন বিলুপ্ত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্নেল পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সদস্য গেন্নাদি গুদকভ। আবার আছেন সাবেক বিরোধী দলের নেতা ভ্লাদিমির রিঝকভ, বরিস নাদেঝদিন। এই দলের নীতি ঠিক করা হয়েছে মেদভেদেভের ওই ভাষণে উল্লেখ করা চার ‘আই’—ইনস্টিটিউশন, ইনফ্রাস্ট্রাকচার, ইনোভেশন ও ইনভেস্টমেন্ট-এর ওপর ভিত্তি করে। অর্থাৎ রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থার আধুনিকায়নের জন্য মেদভেদেভ চান প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো গড়ে তুলতে এবং নতুন উদ্ভাবন ও বিনিয়োগ সৃষ্টি করতে। তাঁর মতে, তেল ও গ্যাসের নির্ভরতা থেকে বের হতে চাইলে এর কোনো বিকল্প নেই। তবে পুতিনের নেতৃত্বাধীন দল ইউনাইটেড রাশিয়াও চুপচাপ বসে নেই। নামসর্বস্ব এ দলটি ক্রেমলিনেরই একসময়ের সৃষ্টি। এই ইউনাইটেড রাশিয়া দল ফরোয়ার্ড রাশিয়ার প্রতিপক্ষ গোষ্ঠী দাঁড় করিয়ে ফেলেছে। ইউনাইটেড রাশিয়ার নেতা বরিস গ্রিজলভ বলেন, মেদভেদেভের ভাষণকে নিজেদের দলীয় সম্পত্তি করে ফেলার কোনো অধিকার ফরোয়ার্ড রাশিয়ার নেই। পুতিনের একসময়ের অনুগত ব্যক্তিরা এভাবে মেদভেদেভের প্রতি সমর্থন জানাতে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এটা পরিষ্কার যে নতুন এই নেতার পেছনে রাশিয়ার রাজনৈতিক মহল ও গণমাধ্যমের বেশ ভালো সমর্থনই রয়েছে। পুতিনের সমর্থন করা বেলারুশ, কাজাখস্তান ও রাশিয়ার সমন্বয়ে একটি ইউনিয়ন গড়ে তোলার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন মেদভেদেভ। পাশাপাশি বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) সদস্যপদ পাওয়ার আলোচনায় রাশিয়াকে ফিরিয়ে নিয়েছেন তিনি। এই উদ্যোগ বাতিল করেছিলেন পুতিন। শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা ন্যাটোর সঙ্গেই সম্পর্ক ভালো করার উদ্যোগ নিয়েছেন মেদভেদেভ। তাঁর সিদ্ধান্তেই ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সাম্প্রতিকতম অবরোধ প্রস্তাবে সমর্থন করেছে রাশিয়া। দেশের ভেতরেও জনসমর্থন ও প্রভাব বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন মেদভেদেভ। রাশিয়ার রাজনীতির কলকাঠি যাঁরা নাড়েন, সেই গোষ্ঠীতে মেদভেদেভের ভিত এখনো ততটা শক্ত হয়ে ওঠেনি। তবে তাঁর পেছনে নামীদামি ব্যক্তিদের জড়ো হওয়া যদি অব্যাহত থাকে, তাহলে পুতিনের একজন শক্ত প্রতিদ্বন্দ্বীই হয়ে উঠবেন দিমিত্রি মেদভেদেভ।