মেধা, মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয়ে প্রকৃত সফলতা আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘মেধার কোনো সংকট বাঙালির নেই, মেধার কোনো সংকট রাষ্ট্রের নেই। পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার বাঙালির মেধায় তৈরি। সংকট যেটা সেটা মূল্যবোধের। কেবল মেধাবী হলে সফলতা আসে না, মেধার বিকাশের সঙ্গে মূল্যবোধ ও দেশাত্মবোধের বিকাশও চাই।’৮ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢেমশা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সুফিয়ান। হাছান মাহমুদ আরও বলেন, ‘জীবন গড়ার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আর এ মূল্যবান সময়ের মধ্যে ছাত্রজীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়ে মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারলে জীবনে সফলতা আসে।’ অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সুকান্ত বিকাশ ধর। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শান্তনু চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, মা ও শিশু হাসপাতাল ও কলেজের অধ্যক্ষ এ এস এম মোস্তাক আহমদ, অধ্যক্ষ রূপেন চৌধুরী, সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আজাদ ছাল্লাল, সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) রবিউল ইসলাম, মাস্টার ফরিদুল আলম, নুরুল আবছার চৌধুরী প্রমুখ। সভাপতি আবু সুফিয়ান শিক্ষার্থীদের জন্য ট্রাস্টি বোর্ড গঠন করার ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা ঢেমশা উচ্চবিদ্যালয়কে একটি আধুনিক শিক্ষা কমপ্লেক্সে পরিণত করব।’ এ জন্য বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।ড. জিনবোধি ভিক্ষু নিয়ম করে লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জ্ঞানই শক্তি। রাজা পূজিত হয় স্বদেশে, জ্ঞানী পূজিত হয় সর্বদেশে। তাই সত্যিকারের জ্ঞান অর্জন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ ছাল্লাল বলেন, ‘ঢেমশা জনপদ একটি সমৃদ্ধ জনপদ। এখানে অন্যান্য এলাকার তুলনায় সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে। শিক্ষাক্ষেত্রেও এগিয়ে আছে ঢেমশা। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে।’ বিজ্ঞপ্তি।