মেধা ও দক্ষতার প্রমাণ দিচ্ছেন এসইউবির আইন বিভাগের শিক্ষার্থীরা

আইন বিভাগের শিক্ষার্থীরা এক হয়ে নানা আয়োজনে মাতিয়ে রাখেন ক্যাম্পাস। করোনাকালে সে সুযোগ না হলেও অনলাইনে সরব আছেন তাঁরা।
ছবি: সংগৃহীত

ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন বিভাগের মূলমন্ত্র হলো মানসম্পন্ন পাঠদান এবং উন্নত মানবসম্পদ সৃষ্টি। এই লক্ষ্য সামনে রেখে অধ্যাপক আসিফ নজরুলের দিকনির্দেশনায় ২০০৯ সালে আইন বিভাগের পথচলা শুরু। শুরু থেকে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দিয়ে এসেছেন বিভাগের শিক্ষার্থীরা।

এসইউবি আইন বিভাগের সাফল্যের বড় প্রতিফলন হচ্ছে আইনজীবী তালিকাভুক্তি (বার কাউন্সিল এনরোলমেন্ট) পরীক্ষায় এর শিক্ষার্থীদের প্রায় শতভাগ সাফল্য অর্জন। এ ছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, মানবাধিকার সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক এবং আইনের বিভিন্ন প্রাঙ্গণে বিচরণ রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের।

বর্তমানে এই বিভাগের আওতায় রয়েছে দুটো সোসাইটি ল ডিবেটিং সোসাইটি এবং মুট কোর্ট সোসাইটি। হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রানার্সআপ ট্রফি অর্জনসহ উল্লিখিত দুটি ক্লাবই সাফল্যের স্বাক্ষর রাখছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জয়লাভের কৃতিত্বও রয়েছে এসইউবি আইন বিভাগের ঝুলিতে।

শিক্ষকদের নির্দেশনায় সামাজিক দায়দায়িত্বের প্রতি সজাগ থাকার চেষ্টা করেছেন বিভাগের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার কিংবা বিনা মূল্যে আইনি পরামর্শ প্রদান ক্যাম্প আয়োজনসহ বিভিন্ন গঠনমূলক কাজে যুক্ত আছেন আইন বিভাগের ‍শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগীয় প্রধান জিনাত আমিন জানান, এই করোনার সময়েও থেমে নেই তাঁদের কার্যক্রম। নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ওয়েবিনার ও অনলাইন প্রতিযোগিতা আয়োজন করছে আইন বিভাগ।

আইন বিভাগের অ্যালামনাই, ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত এস এম গালিব হাসান বলেন, ‘এসইউবি আইন বিভাগ তার শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য নিবেদিতপ্রাণ একটি প্ল্যাটফর্ম।’