মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যুবশক্তির ১১ শতাংশ বেকার, যা জনসংখ্যার হিসাবে এক কোটিরও বেশি। স্বাধীনতার ৪৫ বছর পরও কর্মসংস্থান–সংকট রয়ে গেছে। এ সংকটের অন্যতম কারণ নিয়োগ–বাণিজ্য।
কক্সবাজারে যুব ইউনিয়নের জেলা কমিটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ এ দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। কর্মসংস্থান যেন ঘুষ, দুর্নীতি ও দলীয়করণের ভিত্তিতে না হয়ে প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক শংকর বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার সদস্যসচিব করিম উল্লাহ, কমিউনিস্ট পার্টির জেলা নেতা পুলিন দে, যুব ইউনিয়ন নেতা সুজন দাশ, শহীদুল্লাহ, মংথে হ্লা রাখাইন, আলমগীর হাসান, ফাতেমা আক্তার, নুর মোহাম্মদ, আমান উল্লাহ, কালাম আজাদ, রমজান আলী, আনোয়ার হাসান চৌধুরী, মিম আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল শোষণ-বঞ্চনাহীন একটি অসাম্প্রদায়িক দেশ। যেখানে ভাত-কাপড়ের নিশ্চয়তার পাশাপাশি মেধা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে। অথচ ‘চাকরি পেতে ঘুষ লাগে’ এটা সমাজে বিরাজমান অদৃশ্য অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।