২২ বছর বয়সী এক ‘রাজা’ বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ফুলদানি বানিয়েছেন! বুদ্ধিমান ফুলদানি! সে আবার কী জিনিস? আর রাজাই বা কেন ফুলদানি বানাতে যাবেন? এটা তো বিজ্ঞানীদের কাজ, তাই না? ঠিক ধরেছেন। আসলে, যুক্তরাজ্যের নেতালি রাজা নামে এক মেয়ে শিক্ষার্থী এই ফুলদানিটি তৈরি করেছেন। নেতালি রাজা পশ্চিম লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। আর বুদ্ধিমান ফুলদানি হলো এমন এক ফুলদানি, যা ফুলের ভাষা বুঝতে পারে! ধরুন, যেখানে ফুলসমেত ফুলদানিটি রাখা হয়েছে, সেখানে অনেক রোদ পড়ছে। কিংবা একেবারে ঘুটঘুটে আঁধার। যেন বেশ বিপদেই পড়ে গেছে ফুলটা। কিন্তু ফুল তো আর বলতে পারে না, ‘আমার দিকে তাকাও’। এ রকম ক্ষেত্রে ফুলদানিটির নিচের অংশে লাল আলো জ্বলে উঠবে! যাতে কেউ দেখে বুঝতে পারে, এখন ফুলটার যত্ন নিতে হবে। লাল আলো দেখলেই বলা সম্ভব নয় যে ফুলটি কি এখন তৃষ্ণার্ত নাকি অনেক শীত করছে। এ জন্য ফুলটাকে তখন এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে। এ সময় ফুলদানিটি কাঁপতে থাকবে। যখনই ফুলটি উপযুক্ত পরিবেশ পাবে, তখনই লাল আলো নিভে জ্বলে উঠবে সবুজ আলো! এ জন্য এই ফুলদানিটিকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ফুলদানি বলা হচ্ছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ানইন্টারনেট অবলম্বনে জাহাঙ্গীর আলম