গতানুগতিক ধারায় মেধাবী শিক্ষার্থীদের শুধু সনদ, ক্রেস্ট আর আর্থিক সহযোগিতা দিয়ে উৎসাহিত করা হয়নি, পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কম্পিউটার। উদ্দেশ্য মেধাবীদের মধ্যে প্রযুক্তিজ্ঞানের আগ্রহ এবং চর্চা বাড়ানো।
গত ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মেধাবৃত্তি অনুষ্ঠানে আটজন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে কম্পিউটার দেওয়া হয়। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখা।
সংগঠনের আহ্বায়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ ফিরোজ। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন। বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আবদুল জব্বার, শৈবাল দাশ, আবুল হাসনাত, অভিভাবকদের পক্ষে আবুল হোসেন প্রমুখ।
সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ও অনুশীলনে এখন আধুনিক প্রযুক্তিজ্ঞানের বিকল্প নেই। কাজটি অনেক সহজ করে দিয়েছে প্রযুক্তি। শিক্ষার্থীরাও যাতে এ ক্ষেত্রে এগিয়ে যেতে পারে এবং তাদের মধ্যে এর চর্চা বাড়ানো যায়, সে লক্ষ্যে আমরা মেধাবীদের স্বীকৃতি হিসেবে এবার কম্পিউটার তুলে দিয়েছি।’
অনুষ্ঠানে মেধাবৃত্তিতে সেরা নম্বর পাওয়া উত্তীর্ণ আটজন শিক্ষার্থীকে আটটি কম্পিউটার এবং ২৯৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড দেওয়া হয়।