মেধাবীদের ঠিকানা
কথায় আছে ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’। কথাটা বেদবাক্যের মতো না হলেও শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনাকেই জীবনের আরাধ্য বিষয় হিসেবে মনে করে। আর লেখাপড়া যারা ঠিকভাবে করে, ভাগ্য তো তাদের সুপ্রসন্ন হবেই। অর্থাৎ পরীক্ষার ফল অবশ্যই ভালো হবে। ক্যারিয়ার থেকে শুরু করে জীবনের চলার বাকিটা পথ হয়তো অনেকটাই মসৃণ হবে। তবে সব প্রতিকূলতার মধ্যেই নিজেকে তৈরি করতে হবে—এমনটা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুননেসা মুজিব হলের ২০০৫-০৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী পাওয়া সাত আবাসিক শিক্ষার্থী। কীভাবে তাঁরা এ পর্যায়ে এলেন আর কী করেই বা জীবনে নিজেদের প্রতিষ্ঠা পেতে চান, সে কথাই বলেছেন আড্ডার ছলে।জেসমিন প্রধানবড় বোন পড়তেন লোকপ্রশাসনে। এ বিষয়ের প্রতি আগ্রহটা সেখান থেকে। বিশ্ববিদ্যালয়ের কঠিন ভর্তিযুদ্ধের বৈতরণী পার হয়ে ভর্তি হই লোকপ্রশাসনে। লোকপ্রশাসনকে আমার একটা সমন্বিত বিষয় মনে হয়, যে বিষয়টা পড়লে অনেক কিছু জানা যায়। কাজের সুযোগও থাকে অবারিত। আর ভালো ফলাফলের জন্য প্রথম থেকে ঠিক করতে হয়। পড়াশোনাটা করতে হয় নিয়মিত। আর আড্ডা তো থাকবেই। আড্ডা ছাড়া কি চলে? ক্যারিয়ার হিসেবে প্রশাসনেই যোগদান করতে চাই।সাজিয়া হাসানলোকপ্রশাসন বিষয়টি সম্পর্কে প্রথম দিকে খুব বেশি আগ্রহ না থাকলেও পড়তে এসে দারুণ লেগে যায়। ভালোবেসে ফেলি বিষয়টিকে। আর যেকোনো বিষয়কে ভালোবেসে পড়লে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। এখন লক্ষ্য মাস্টার্সে এই ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করা।তার এমফিল করার ইচ্ছে আছে। ক্যারিয়ার হিসেবে বিসিএস আর প্রশাসন ক্যাডার পেলে তো সোনায় সোহাগা।কানিজ ফাতেমা‘সংঘর্ষের পরিবর্তে সবাই চায় শান্তি। আর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিষয়টি তো শান্তির দূত হয়ে আসে দেশে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে। ভাবতে ভালো লাগে, আন্তর্জাতিক রাজনীতি ও সমসাময়িক অনেক বিষয় যখন নখদর্পণে থাকে। প্রথম দিকে খুব ভালো না লাগলেও এখন আগ্রহভরেই বিষয়টি পড়ি। তবে প্রথম বর্ষে ফল ভালো না হওয়াতে মুষড়ে পড়ি। থেমে থাকিনি, নিয়মমতোই পড়াশোনা করে গেছি। আর চার বছর পরে ফলাফল তো পেয়েই গেলাম। এখন মাস্টার্সে এই ফল ধরে রাখার প্রাণান্ত চেষ্টা করব। সবচেয়ে বেশি উৎসাহ পাই বাবার কাছ থেকে। ভবিষ্যতে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।সোনিয়া হকউচ্চমাধ্যমিকে মনোবিজ্ঞান ছিল। তবে বিশ্ববিদ্যালয়ে এসে বিষয়টি আরও বিস্তৃত করে পড়তে বেশ ভালো লাগছে। মানুষের মনের খটমটে বিষয়গুলো সহজেই ধরা যায়। আবার নিজের মনের চাপগুলো নিজেই নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ম করে পড়াশোনা করলে ভালো ফল হবেই। বাবার মতো নিজেও সরকারি চাকরির মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ব।নাসরিন আক্তারইসলাম শিক্ষা বিষয়ে মন দিয়ে পড়লে আর নিয়মিত ক্লাস করলে ভালো ফল পাওয়া সম্ভব। তবে নিজের চেষ্টার সঙ্গে শিক্ষক, সহপাঠী ও পরিবারের সবার সহযোগিতা ভালো ফল অর্জনে অনেক বেশি সাহায্য করেছে। হলে পড়াশোনার পরিবেশ বাসা থেকে ভালো। কারণ, এখানে অন্য বন্ধুদের সঙ্গে আলোচনা করে পড়াশোনার সুযোগ রয়েছে। হলে উন্মুক্ত জীবন কখনো স্বেচ্ছাচারী করে না, বরং এই স্বাধীনতা নিজেকে নিয়ন্ত্রিত জীবনযাপনে সাহায্য করে। এখন লক্ষ্য এই ফলাফল মাস্টার্সে অব্যাহত রাখা। আর সরকারি কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।রাবেয়া বেগম‘লোকপ্রশাসন খুবই মজার বিষয়, যদি বুঝে পড়া যায়। আর যেকোনো বিষয় বুঝে ভালো লাগা নিয়ে পড়লে ভালো করা সম্ভব। ভালো ফল তো সোনার হরিণ নয়, তবে এটা যে কেউ তার অধ্যবসায় দিয়ে অর্জন করতে পারে। হলের পড়াশোনার পরিবেশ সব সময় অনুকূলে থাকে না। তার পরও যেকোনো অবস্থাতেই পড়তে হয়। আর এ ব্যাপারটা পরবর্তী সময়ে অনেক বেশি কাজে দেয়। মাস্টার্সে এই ফলাফল ধরে রাখতে চাই।’ আর ক্যারিয়ার হিসেবে বিসিএস তাঁর অন্যতম লক্ষ্য।মাধুরী নিশাতসমাজবিজ্ঞান সমাজের প্রতিটি বিষয় নিয়েই আলোচনা করে। আর সমাজে বাস করে সমাজসংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়তে কার না ভালো লাগে। ভালো ফল অর্জনের লক্ষ্যটা আগেই ঠিক করতে হয়। আর এ জন্য নিয়মিত ক্লাস করাটা জরুরি। ক্যারিয়ারের বিষয়টা আগে থেকে ঠিক করা উচিত। হলের পড়াশোনার পরিবেশ অনেক ভালো। গবেষণাধর্মী কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়ব। হলের প্রাধ্যক্ষ গুলশানা আরা লতিফা বলেন, আমরা যতটা সম্ভব শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিতে চাই। হলের লাইব্রেরি ও রিডিংরুম তো রয়েছেই। আমরা চাই হলের মেয়েরা পড়াশোনায় তো বটেই, পরবর্তী কর্মজীবনে প্রথম সারিতে অবস্থান করুক।