মেধাবীদের স্বপ্ন যেন আরও উজ্জ্বল
ফয়’স লেকে এর আগে অনেকেই আসেননি। আবার অনেকেরই আসা হয়েছে কয়েকবার। চড়েছেন নানা রাইডে। কিন্তু এবারের মতো মজা কখনো পাননি। স্কুলের গণ্ডি পেরোনোর পর এত পরিচিত মুখ, এত বন্ধু কখনো একসঙ্গে হতে পারেননি। তাই আজ তাঁদের হূদয় নেচেছে। নেচেছে ছন্দে-আনন্দে। আর হূদয়ে গেথে নিয়েছে আগামী দিনের প্রেরণা।গত শুক্রবার ফয়’স লেক পার্কে ভিড় করা এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের উল্লাসটা ছিল সীমাহীন। তাঁদের হাসি-ঠাট্টা, নাচানাচি, লাফালাফি, দাপাদাপিতে পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলতে খেলতে গাইতে গাইতে মেধাবীরা শপথ নিলেন দেশ গড়ার। রবি-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা। গণমাধ্যম সহযোগী ছিল চ্যানেল আই, দেশ টিভি ও এবিসি রেডিও। শিক্ষার্থীদের উদ্দেশে উপস্থিত বক্তারা স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন শিক্ষার্থীদের হূদয়ে। দেশ ও জীবন গড়ার মন্ত্র ছিল তাঁদের কথামালায়। প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে গড়া এ দেশ। হয়তো সেই দেশ সঠিকভাবে চলছে না। তাই এখন তোমাদের গড়ে তুলতে হবে এ দেশ।’ অধ্যাপক মাহবুবুল হকের বক্তব্যেও ছিল একই সুর। তিনি বলেন, ‘তোমরা একনিষ্ঠ, অধ্যবসায়ী। তাই তোমাদের আজকের এ সাফল্য। এখন তোমাদের স্বপ্ন দেখতে হবে।’ রবির চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রবির মতো তোমরা উজ্জ্বল। তাই তোমাদের সংবর্ধিত করতে পেরে আমরা ধন্য।’ কনকর্ডের মহাব্যবস্থাপক আনিসুর রহমান চৌধুরী বলেন, ‘তোমরা এ দেশের আলোকিত সন্তান। এ সাফল্য তোমাদের ধরে রাখতে হবে।’ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা জাতির গৌরব। তোমাদের মেধা কাজে লাগাতে হবে দেশ গড়ার ক্ষেত্রে। আগামী ১৫ বছর পর তোমাদেরই সবকিছুতে নেতৃত্ব দিতে হবে।’ প্রথম আলো বন্ধুসভার বিভাগীয় সম্পাদক সাইদুজ্জামান রওশনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল তিন প্রজন্মের শিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও হূদয় খানের গান। এ ছাড়া অভিনেতা ফেরদৌস, অপি করিম ও মডেল নোবেলের উপস্থিতি সংবর্ধিতদের জন্য বাড়তি পাওনা। কুমার বিশ্বজিৎ মঞ্চে এসেই চট্টগ্রামের ভাষায় কুশল বিনিময় করলেন সবার সঙ্গে। তারপর গাইলেন বিখ্যাত কিছু গান। ‘পুতুলের মতো করে সাজিয়ে’, ‘ও ডাক্তার’, ‘একতারা বাজাইও না’ ইত্যাদি গানের সঙ্গে নাচলেন মেধাবীরা। দুপুরের খরতাপে ক্লান্ত শিক্ষার্থীরা যেন নতুন করে প্রাণ ফিরে পেল প্রিয় গানে। যেমন কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের তপু ও অর্ণব বললেন, ‘এমন অনুষ্ঠানে এসে ভালো লাগছে। আগামী দিনে যাতে আরও ভালো করতে পারি সেই চেষ্টা করব। এখানে এসে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি।’ মাঝে বন্ধুসভার সদস্যরা শুনিয়েছেন গীতি আলেখ্য। এতে ছিল বদলের জয়গান।বিশ্বজিতের পর শেষ প্রজন্মের শিল্পী হূদয় খান যেন হূদয় খান খান করে দিলেন শিক্ষার্থীদের। তাঁর ‘মেয়ে’, ‘একবার কাছে এসে ভালোবাস’, ‘কী জ্বালা দিয়া গেলা মনে’, ‘চাই না মেয়ে’ গানে গানে মেধাবীরা হাতে হাত ধরে নাচলেন। হূদয়ের আগের প্রজন্মের শিল্পী বাপ্পা মজুমদারও কিন্তু কম যাননি। ‘দিন বাড়ি যায়’, ‘পরি’, ‘বায়োস্কোপ’, ‘বায়ান্ন তাস’, ‘গাড়ি চলে না’ ইত্যাদি গানের তালে তালে সবাই নেচেছেন ইচ্ছেমতো। এত আয়োজন শেষে তাই সবার মুখে তৃপ্তির সুর। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুদ্দিন, সিরাজী, রিয়াদ ও ইয়াছিনেরা বললেন, আগে অনেকবার এখানে এসেছি। কিন্তু এবারের ভালোলাগাটি অন্য রকম।শুধু কী শিল্পীরা, গেয়েছেন শিক্ষার্থীরাও। প্রিয় শিল্পীকে সামনে পেয়ে তাঁদের গান গেয়ে শোনালেন দু-তিন কলি। আর প্রিয় শিল্পী বা অভিনেত্রীদের একটু ছোঁয়া, অটোগ্রাফের জন্য কত না চেষ্টা তাঁদের। এভাবে সারা দিন বিভিন্ন রাইডে চড়তে চড়তে, নাচতে নাচতে ক্লান্ত শিক্ষার্থীরা যাওয়ার সময় শুনিয়ে গেলেন স্বপ্নের কথা। এমন সংবর্ধনার পর তাঁদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার, পাইলট, শিক্ষক হওয়ার স্বপ্নগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল।