মাস্টারদা সূর্য সেন, মহাকবি নবীন সেনসহ উপমহাদেশখ্যাত অনেক কবি-সাংবাদিক ও বুদ্ধিজীবীর জন্মস্থান রাউজান। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে প্রায় দুই দশকের পুঞ্জিভূত সমস্যায় রাউজানের ঐতিহ্য অনেকাংশে ম্লান হয়ে পড়েছে। এ অবস্থার উত্তরণে মেধাবীরা সুশিক্ষিত হয়ে রাউজানকে আলোকিত করবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসব কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।সম্প্রতি উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ শাখা) আয়োজিত এসএসসি ও দাখিলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। স্থানীয় ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি ফারুক ইকবাল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেবাশীষ পালিত। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিলচন্দ্র মণ্ডল, কামাল উদ্দীন আহাম্মদ, মো. সাইফুল ইসলাম, দিদারুল আলম প্রমুখ।