
মেধা তো নিজেরই, এর আবার মালিকানা কী? শিরোনাম দেখে এমন প্রশ্ন মনে আসতেই পারে। কিন্তু আপনার নিজের মেধার মালিকানারও দাবি করতে হতে পারে। আইনের ভাষায় বাংলায় যাকে বলে মেধাস্বত্ব। ধরুন আপনি একটি কবিতা, উপন্যাস বা নাটক লিখলেন। এই কর্মগুলোর ওপর আপনার মালিকানা রয়েছে। কেউ যদি আপনার মেধার মালিকানা চুরি করে, কিংবা দখল করতে চায় তাহলে আপনার আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আছে। কয়েকটি বিষয়ে আপনার মেধার মালিকানা রয়েছে প্রকৃতিগতভাবেই। তবে এই মালিকানা নিবন্ধনের সুযোগও আইনে রয়েছে। মেধার মালিকানার নিবন্ধন করে নেওয়া জরুরি। এতে ভবিষ্যতের জন্য মালিকানা পাকাপোক্ত হবে। আসুন জেনে নিই মেধার স্বত্ব বা মালিকানা কিসে থাকে এবং কীভাবে তা নিবন্ধন করতে হয়।
কপিরাইট
গান, কবিতা, গল্প, অনুবাদ, নাটক কিংবা উপন্যাস যা-ই লিখুন বা যে বিষয়ে বই বা পাণ্ডুলিপি লিখুন না কেন স্বাভাবিকভাবেই আপনি এর কপিরাইট বা মেধাস্বত্ব লাভ করবেন। আবার কোনো সফটওয়্যার বা কম্পিউটারের জন্য তৈরি কোনো প্রোগ্রামের জন্যও কপিরাইট দাবি করা যায়। কোনো ব্যক্তির জীবদ্দশায় আজীবন তিনি কপিরাইটের অধিকারী। তাঁর মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত উত্তরাধিকারীরা কপিরাইট ভোগ করবেন। ৬০ বছর পর এগুলো অন্যরা ব্যবহার করতে পারবে বা প্রকাশ করতে পারবে। কপিরাইট নিবন্ধনের জন্য আবেদন করতে হলে ঢাকার শেরেবাংলা নগরের কপিরাইট কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং নিয়ম মেনে আবেদনও জমা দিতে হবে। কেউ যদি কোনো লেখকের বই বা কোনো সৃষ্টকর্ম নকল করেন, তাহলে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রতিকার চাইতে পারবেন। শাস্তি হিসেবে কপিরাইট ভঙ্গকারীর হতে পারে চার বছরের জেল এবং সর্বোচ্চ দুই লাখ টাকার জরিমানা। চলচ্চিত্রের ক্ষেত্রে এ শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর ও পাঁচ লাখ টাকা। ফৌজদারি বিচার হবে দায়রা জজ আদালতে। এ ছাড়া জেলা জজ আদালতে ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞার প্রতিকার চাওয়া যাবে।
ট্রেডমার্ক
নিজের ব্যবসার জন্য যদি কোনো নাম বা লোগো ব্যবহার করেন এটিও মেধাস্বত্ব হিসেবে ধরা হয়। একে ট্রেডমার্ক বলা হয়। ট্রেডমার্ক নিবন্ধন করা জরুরি। বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার বরাবরে পণ্যের ধরন অনুযায়ী নিবন্ধনের আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে অধিদপ্তরের ওয়েবসাইটে। বর্তমানে বাংলায় নতুন আবেদন ফরম করা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় আবেদন ফি জমা করতে হয়। তবে প্রথমেই পণ্য ও সেবার আন্তর্জাতিক শ্রেণিবিভাগ অনুযায়ী আপনার পণ্য কোনো শ্রেণিভুক্ত তা জেনে নিতে হবে। আপনার ব্যবহৃত ট্রেডমার্ক বা প্রস্তাবিত ট্রেডর্মাকের সাথে অন্য কোনো মার্কের মিল আছে কি না তা আগে থেকেই জানার সুযোগ আছে। তবে অন্য মার্কের সঙ্গে মিল থাকলে এবং একই নাম আগে ব্যবহৃত হলে নিবন্ধন পাওয়া যাবে না।
ট্রেডমার্ক আইন ২০০৯ অনুযায়ী কোনো নিবন্ধিত ট্রেডমার্ক নকল করলে ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য মামলা করা যাবে। আর যদি কোনো অনিবন্ধিত ট্রেডমার্ক নকল করা হয় তাহলে পাসিং অফের (অন্যের পণ্য নিজের নামে চালানো) মামলা করা যাবে। এসব মামলা করতে হয় জেলা জজ আদালতে। এ ছাড়া মিথ্যা ট্রেডমার্ক ব্যবহারের জন্য প্রথম শ্রেণির বিচারিক হাকিম বা মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করা যাবে। দায়ী ব্যক্তির সর্বনিম্ন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত জেল বা সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া কোনো জিনিস আবিষ্কার করলে এর পেটেন্ট করানো যায়। আর কোনো কিছুর ডিজাইন থাকলে তারও নিবন্ধন করা যায়। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে এর নিবন্ধন করা যায়। কপিরাইট, ট্রেডমার্ক বা অন্য বিষয়ে নিবন্ধন করতে হলে আপনি ইচ্ছে করলে এ বিষয়ে দক্ষ কোনো আইনজীবীর সহায়তা নিতে পারেন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট