মেধাস্বত্ব সংরক্ষণে উদ্যমী তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ এপ্রিল ছিল ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’
২৩ এপ্রিল ছিল ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’

বাংলাদেশে সৃজনশীল কাজগুলোর কপিরাইট বা মেধাস্বত্ব সংরক্ষণে তরুণদের ভূমিকা বাড়ছে। সৃজনশীল কাজের উদ্ভাবক ও ব্যবহারকারীদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ইয়ুথ বুট ক্যাম্পে বক্তারা এ মত দিয়েছেন। ‘বাংলাদেশে সৃজনশীলতা ও উদ্ভাবনের কপিরাইট-মেধাস্বত্ব সংরক্ষণে তরুণদের ভূমিকা’ শীর্ষক এই ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ)। আয়োজনের সহযোগী ছিল কপিরাইট অফিস, বাংলাদেশ, মাইক্রোসফট ও ইএমকে সেন্টার।
২৩ এপ্রিল ছিল ‘বিশ্ব বই ও কপিরাইট দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস, কপিরাইট বিশেষজ্ঞ মনজুরুর রহমান, উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব, মাইক্রোসফট বাংলাদেশের প্রতিনিধি রোমেসা হোসেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ, কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের চেয়ারম্যান কাজী জাহিন হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার এ বি এম হামিদুল মিজবাহ। ক্যাম্পের শুরুতেই তরুণদের উদ্দেশে কপিরাইট ও মেধাস্বত্বের নানা দিক নিয়ে আলোচনা করেন মনজুরুর রহমান।

বাংলাদেশ কপিরাইট ও আইপি ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম হামিদুল মিজবাহ বলেন, উদ্ভাবকদের কপিরাইট ও মেধাস্বত্ব সংরক্ষণে তরুণেরা সব সময় উদ্যোগী। কপিরাইট ও মেধাস্বত্বের সঙ্গে তরুণেরা সরাসরি জড়িত বলে এটা সংরক্ষণেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি জানান, এ জন্য বিসিআইপিএফের ভলান্টিয়ার ফর আইপির সদস্যরাও কাজ করে যাচ্ছেন।

উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, সৃজনশীলতা সব মানুষের মাঝেই আছে। কেউ তা ব্যবহার করেন, কেউ করেন না। যাঁরা সৃজনশীলতাকে ভালো কাজে ব্যবহার করেন, তাঁরাই এগিয়ে যান। তরুণদের ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানিয়ে কাজী জাহিন হাসান বলেন, পাইরেসি থেকে তরুণদের দূরে থাকতে হবে। ওপেন সোর্স অনেক সফটওয়্যার আছে। সেগুলো ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

দিনব্যাপী এই ক্যাম্পে বিসিআইপিএফের অনুপ্রেরণায় গঠিত ভলান্টিয়ার ফর আইপির শতাধিক সদস্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।