মেমবউদের বাংলা শেখা

ব্রুনহিল্ডে দেসকঁ বললেন, ‘আমার মন খারাপ।’ তাঁর সঙ্গে কথা হচ্ছিল গত সোমবার সকালে। বাঙালির ঘরে বধূ হয়ে আসা বেলজিয়ামের এই নারীর যে সেদিন সত্যিই মন খারাপ ছিল তা নয়; হাসিমুখে কথা বলছিলেন। যখন প্রশ্ন করলাম, ‘বাংলা ভাষায় কোন কথাটা আপনার সবচেয়ে প্রিয়?’ তখন বললেন, ‘আমার মন খারাপ।’ তিনি মনে করেন, ইংরেজি বা তাঁর জানা অন্য কোনো ভাষাতেই ‘আমার মন খারাপ’ আবেগটা যথাযথ বোঝানোর মতো কোনো বাক্য নেই। বাংলা আর ইংরেজি ছাড়াও ব্রুনহিল্ডে দেসকঁ আরও তিনটি ভাষা জানেন—ফরাসি, ফ্লেমিশ ও জার্মান। অতএব, তাঁর মন্তব্যকে হেলাফেলা করা যাচ্ছে না।

গবেষণার কাজে মাত্র এক বছর থাকার ইচ্ছা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ব্রুনহিল্ডে। সে সময় পরিচয় হয় আলোকচিত্রী নইমুজ্জামান খানের সঙ্গে। তারপর? ব্রুনহিল্ডের ভাষায়, ‘দেন এভরিথিং হ্যাজ চেঞ্জড!’ দুজন বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো। ১৫ বছর ধরে বাংলাদেশে আছেন ব্রুনহিল্ডে দেসকঁ। বাংলা ভাষা বোঝেন। বলতেও পারেন। ‘আমার মন খারাপ’ ছাড়া আরও কয়েকটি শব্দ তিনি খুঁজে পেয়েছেন, যা শুধু বাংলাতেই বলা সম্ভব। যেমন, ‘ধুর!’ আরও একটা বাক্য তাঁর প্রিয়, সেটা হলো, ‘বিশ্রী অবস্থা!’ যানজটে পড়লে খুব আগ্রহ নিয়ে ব্রুনহিল্ডে এই কথাটা বলেন। একবার রুয়ান্ডায় যাওয়ার পথে ব্রুনহিল্ডে কীভাবে ‘বিশ্রী অবস্থা’ কথাটার একটা যথার্থ প্রয়োগ করার সুযোগ পেয়েছিলেন, সেটা বলব। তার আগে চলুন, আরও কয়েকজন ‘মেমবউ’-এর গল্প শোনা যাক, যাঁরা ভালোবেসে বাংলাদেশের ছেলেকে বিয়ে করেছিলেন, একসময় ভালোবেসে শিখেও ফেলেছেন বাংলা ভাষা।

শ্বশুরবাড়ির লোকজন নতুন নতুন শব্দ শিখিয়েছেন
ব্রুনহিল্ডের মতো আরেক বহুভাষী রোমানিয়ার লিজিয়া ম্যারিনা এনাকিওই। রোমানিয়ান ছাড়াও তিনি ইতালীয়, ফরাসি ও ইংরেজি ভাষা জানেন। ভালোবেসে বাংলাদেশি সাংবাদিক শুভ্রকে বিয়ে করার সুবাদে বাংলা ভাষাও তাঁর জানা। লিজিয়া এখন রোমানিয়ায় আছেন। তাঁর সঙ্গে কথা হলো ফেসবুক মেসেঞ্জারে। ওপাশ থেকে প্রশ্নের উত্তরগুলো তিনি দিলেন ইংরেজিতে। তবে বোঝা গেল, বাংলা ভাষায় তাঁর দখলটা মন্দ না।
বেশ কয়েকটি ভাষা শেখার অভিজ্ঞতা আছে বলে বাংলা শিখতে লিজিয়াকে খুব একটা বেগ পেতে হয়নি। শুরুর দিকে খানিকটা সমস্যা হয়েছিল বটে। সেই সমস্যা কাটিয়ে উঠলেন কীভাবে? লিজিয়া বলেন, ‘আমি বাংলা শেখার ক্লাস করেছি। শুরুতে শব্দগুলো মাথার ভেতর গুলিয়ে যেত। নিজে নিজে প্রথম বাক্যটা তৈরি করতে তিন মাস সময় লেগেছে। শ্বশুরবাড়ির লোকজন আমাকে নতুন নতুন শব্দ শিখিয়েছেন। টিভিতে খবর দেখেও অনেক শব্দ শিখেছি।’
গৃহকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলা উচ্চারণটা আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়েছে তাঁর। বললেন, ‘আমি বারবার ওদেরকে বলতাম, “ঝাল দেবেন না।” ওরা কেমন অবাক হয়ে তাকিয়ে থাকত। পরে বুঝলাম, “ঝাল” শব্দে “ঝ”টা ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। শুরুতে ঝাল সত্যিই খুব ভয় পেতাম। এখন অবশ্য মনে হয়, মরিচ জিনিসটা অত খারাপ না!’
ভিনদেশি এই বধূ মনে করেন, বাংলা ভাষায় স্বরভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট শব্দ, স্বরের ওঠানামার কারণে অর্থ বদলে যায়। বাংলা ভাষার এই বিষয়টা লিজিয়াকে অবাক করে দেয়।

নাতবউয়ের চুল পাকা!
বাংলাদেশের ছেলে ফয়সাল হাসানকে বিয়ে করে বাংলা শিখেছেন ফিনল্যান্ডের পাইভি হাসান। দুজন ফিনল্যান্ডেই থাকেন, মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। পাইভি বাংলা পড়তে পারেন, বুঝতে পারেন, কিন্তু বলতে লজ্জা পান। এ দেশে এসেও তিনি সচরাচর বাংলা বলেন না। তবে একবার পাইভির লজ্জা ভেঙে দিয়েছিল ছোট্ট একটা তেলাপোকা। শ্বশুরবাড়িতে ‘বাথরুমে তেলাপোকা! বাথরুমে তেলাপোকা!’ বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছিলেন তিনি!
এ ঘটনা স্মরণ করে মেসেঞ্জারের ওপাশ থেকে ‘স্মাইলি’ পাঠালেন ফয়সাল হাসান। বললেন আরও একটা মজার ঘটনা। প্রথম দিন স্বর্ণকেশী নাতবউকে দেখে নাকি ভড়কে গিয়েছিলেন ফয়সালের দাদি। জোয়ান নাতিটা কেন একটা ‘চুল পাকা’ মহিলাকে বিয়ে করে এনেছে, সেটা কিছুতেই তাঁর মাথায় আসছিল না!

‘হাতেখড়ি’ নামে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা বর্ণমালা শিখেছেন পাইভি। বাংলা বলার ‘সাহস’ না পেলেও উচ্চারণগুলো ভালোই জানেন। একটা ঘটনা পাইভি নিজেই বললেন, ‘একবার একটা রেস্তোরাঁয় পুরি খেতে গিয়েছিলাম। রেস্তোরাঁর ছেলেটা এসে বলল, “এই নেন আপনাদের পুরি, চালাদ আর চচ।” আমি ফয়সালকে জিজ্ঞেস করলাম “চালাদ, চচ” বলে কোনো শব্দ কি বাংলা ভাষায় আছে? ফয়সাল বলল, না, ছোট ছেলেটা শুদ্ধ ভাষা বলতে গিয়ে গুলিয়ে ফেলেছে। ফিনল্যান্ডেও এখন খাবার পরিবেশন করতে গেলে আমি মাঝে মাঝে মজা করে বলি, “এই নেন চালাদ আর চচ”!’
ফয়সাল-পাইভি দম্পতি দুজনই বেশ আমুদে। ফেসবুকে তাঁদের মজার-মজার ছবি দেখে বোঝা যায়, দুজনের বোঝাপড়াটা দারুণ। পাইভির কাছে জানতে চেয়েছিলাম, ‘বাংলায় স্বামীকে ভালোবাসার কথা কীভাবে বলেন?’ পাইভি লিখলেন, ‘আমি তোমাকে ভালোবাসি—এটা আমি জানি, কিন্তু সব সময় বলা হয় না। ফয়সাল আমাকে শিখিয়েছে, কাউকে আদর করে “ময়না” বলে ডাকা যায়। সেই থেকে আমি ওকে ময়না বলেই ডাকি। আশপাশের বাঙালিরা শুনে খুব অবাক হয়। ফয়সাল যদিও একটু অস্বস্তি বোধ করে। ময়না যে একটা পাখির নাম, সেটাও আমি জানি!’
সন্তানের সঙ্গে শেখা
পাইভির মতোই আরেক স্বর্ণকেশী ফিলিপা লুকাস। লন্ডনের মেয়ে। বিয়ে করেছেন বাংলাদেশের মোহাম্মদ সোলায়মানকে। দুজনই এখন লন্ডনে আছে। সোলায়মানের বোন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মারুফা ইসহাক বলছিলেন ভাবির বাংলা শেখার গল্প, ‘বাসায় এসে ভাবি মাঝেমধ্যে ডায়েরি নিয়ে বসেন। নতুন নতুন শব্দ টুকে রাখেন। কেউ বেড়াতে এলে তাঁর সামনে শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করেন। একদিকে আমার মা ইংরেজি শেখেন, অন্যদিকে ভাবি শেখেন বাংলা। মজাই হয়।’
সোলায়মান-ফিলিপা দম্পতির ছোট্ট একটা ছেলে আছে। নাম হ্যারিস। লন্ডনে বেড়ে ওঠা ছেলেকে ছোটবেলা থেকে বাংলা শেখাচ্ছেন সোলায়মান। চলছে মা-ছেলের যৌথ বাংলা শিক্ষা। তবে এই শিক্ষাপদ্ধতির একটা বিপত্তি আছে। আদর করে সোলায়মান মাঝে মাঝে ছেলেকে ডাকেন, ‘হ্যারিস কোওওওথায়? বাবাটা কোওওওথায়?’ ওদিকে এসব শুনে ফিলিপা ধরে নিয়েছেন, বাংলাটা বোধ হয় সুরে সুরেই বলতে হয়!

চেনা ভাষা
ব্রুনহিল্ডে দেসকেঁর রুয়ান্ডায় যাওয়ার গল্পটা এবার বলা যাক। তাঁর বর্ণনায়ই শুনুন—
‘রুয়ান্ডায় যাওয়ার পথে আমাদের যাত্রাবিরতি ছিল নাইরোবিতে। খুব ক্লান্ত ছিলাম। বিশ্রাম নেওয়ার জন্য বিমানবন্দরের একটা হোটেলে উঠেছি। ছোট্ট একটা বিছানার সমান ঘর, একজনই শোয়া যায়। তার ওপর খুবই নোংরা, যাকে বলে বিশ্রী অবস্থা! সেখানে দেখি প্লাইউড দিয়ে বানানো ছাদে অনেকে অনেক কিছু লিখে রেখেছে। নানা ধরনের ভাষা, তার মধ্যে একটা ভাষা আমার চেনা—বাংলায় লেখা! নাইরোবির অচেনা হোটেলে চেনা ভাষা দেখে খুব অবাক হয়েছিলাম।’
কী লেখা ছিল সেখানে? প্রশ্ন শুনে নইমুজ্জামান হাসলেন, ‘ওই তো, বাংলাদেশে দেয়ালে দেয়ালে যা লেখা থাকে। অমুক প্লাস তমুক...এ রকম একটা কিছু।’
ব্রুনহিল্ডে-নইমুজ্জামান দম্পতির তিন মেয়ে—আলমা, এলভিরা আর ইরমা। মা-বাবা দুজনের ভাষা ছাড়াও ওরা ফরাসি আর স্প্যানিশ ভাষা শিখছে। ব্রুনহিল্ডে চান, ছেলেমেয়েরা নতুন নতুন ভাষা শিখুক। সব ভাষাকেই ভালোবাসুক, শ্রদ্ধা করুক।