মেয়রের ওয়ার্ডেই সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহাল উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেল জোনস সড়ক   প্রথম আলো
বেহাল উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেল জোনস সড়ক প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের ঈশান মহাজন সড়ক। নামে মহাজন থাকলেও চেহারায় এখন হতশ্রী। ভাঙাচোরা সড়কে অসংখ্য গর্ত। উঠে গেছে কার্পেটিং। কিছু স্থানে ইট-সুরকি পর্যন্ত নেই। প্রায় ছয় মাস ধরে এই অবস্থা। অথচ এই ওয়ার্ডের বাসিন্দা সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম নিজেই।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শুধু ঈশান মহাজন সড়ক নয়, এখানকার আরও চারটি সড়কের অবস্থা নাজুক। এর মধ্যে রয়েছে কর্নেল জোন্স সড়কের কোথাও পিচ ক্ষয়ে ইট বেরিয়ে আছে। আবার কোথাও গর্ত। অথচ এ সড়কে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়। তবে ওয়ার্ড কার্যালয়ের পরের খানখন্দ বেশি। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হক বলেন, ‘সড়ক মেরামত হয় কাউন্সিলর অফিস পর্যন্ত। অফিস পেরুলেই সড়কের বেহাল দশা। সমস্যা বেশি হয় রাতে চলাফেরায়। কারণ সড়ক বাতি জ্বলে না। তখন হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। বৃষ্টি হলে তো দুর্ভোগ আরও বাড়ে। পানি জমে থাকে সড়কে।’
স্থানীয় লোকজন জানান, বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম এ ওয়ার্ডের পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তিনি কাউন্সিলর থাকার সময় উন্নয়ন হলেও এখন ওয়ার্ডটি অবহেলিত। বিশেষ করে এখানকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।
কালীবাড়ি এলাকার দোকানি সুভাষ বড়ুয়া বলেন, ‘সড়ক ভাঙা থাকায় চলাচলে সমস্যা হয় খুব। কিন্তু তবুও দেখার কেউ নেই। এখানে কোনো রিকশা ঢুকতে চায় না। যদি কেউ আসে তবে ভাড়া চায় দ্বিগুণ।’
এ ওয়ার্ডের মোস্তফা হাকিম কলেজ সড়ক, হাজি দাঊদ সড়ক, মজুমদার বাড়ি সড়কগুলোর অবস্থাও নাজুক। প্রতিদিন মোস্তফা হাকিম কলেজ সড়ক দিয়েই মেয়র যাতায়াত করেন। তবে বৃহস্পতিবার দেখা যায়, ওই তিনটি সড়কের সংস্কার কাজ চলছে। দুই সপ্তাহ আগে থেকে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানা যায়।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ বলেন, পর্যায়ক্রমে সব সড়কগুলোর উন্নয়নকাজ করা হবে। বৃষ্টির জন্য কাজ কিছুটা ধীর গতিতে চলছে। ঈশান মহাজন ও কর্নেল জোন্স সড়ক কোরবানির ঈদের আগেই মেরামত করা হবে। সড়ক বাতির ব্যাপারে বলেন, এলাকায় অনেক শিল্পকারখানা থাকায় রাতে ভোল্টেজের কারণে কর্নেল জোন্স সড়কের সড়ক বাতি জ্বলে না। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা চলছে। তবে এলাকার যোগাযোগব্যবস্থার দুরবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা করপোরেশনের কাছে আবেদন করতে পারি। কিন্তু বরাদ্দ দেওযার ব্যাপারটা তাঁদের হাতে। এটি যেহেতু নগর পিতার এলাকা সেক্ষেত্রে তাঁর এলাকার জন্য আরেকটু যত্নবান হওয়া উচিত।’