
ফটিকছড়ি উপজেলার গহিরা-হেয়াঁকো সড়কের আজাদী বাজার সংলগ্ন সেতুটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ১০ বছর আগে। কিন্তু এখনো সেতু পুনর্নির্মাণে উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ফলে নড়বড়ে এই সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি।
সরেজমিনে দেখা যায়, সেতুতে রেলিং নেই। দক্ষিণ পূর্ব অংশে ভাঙা স্থানে বসানো লোহার পাটাতন উঠে যাচ্ছে। গাড়ি উঠলে সেতুটি কাঁপতে থাকে।
৩৮ কিলোমিটারের এই সড়কটি উপজেলার দক্ষিণাঞ্চলের বক্তপুর, ধর্মপুর, মোহাম্মদ তকিরহাট, আবদুল্লাহপুর, জাহানপুর, ফতেহপুর, রাউজানের নোয়াজিশপুর, হলদিয়াসহ অন্তত দুই লক্ষাধিক মানুষের উপজেলা সদরসহ চট্টগ্রাম নগরে যাতায়াতের মাধ্যম। সড়কটি দিয়ে দিনে অন্তত দুই হাজার বাস, অটোরিকশা, মোটরসাইকেল ও জিপ যাতায়াত করে।
সওজ সূত্র জানায়, ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয় ১৯৫০ সালে। এরপর বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে। এখন এটি ভেঙে নতুন সেতু তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বলেন, সেতুটি সরু হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। একসঙ্গে দুই পাশের গাড়ি চলাচলে হিমশিম খেতে হয়। গত এক মাসে যাত্রীবাহী ছোট-বড় আট থেকে ১০টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এতে অন্তত ২ জন যাত্রী আহত হয়।
আজাদী বাজারের ব্যবসায়ী আবদুল করিম (৩৪) বলেন, সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হলে এটি এখনই পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে।
সড়কটিতে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আলাউদ্দিন (৪৩) বলেন, ‘সৃষ্টিকর্তার নাম নিয়ে সেতুটি পার হই।’
জানতে চাইলে সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রবিউল হোসেন বলেন, সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।