মেয়েদের ওপর নিপীড়ন অব্যাহত আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশের অনেক মেয়ে এখনো বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হচ্ছে
আমাদের দেশের অনেক মেয়ে এখনো বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হচ্ছে

‘আমার বিয়া হইছে ১১ বচ্ছর বয়সে। বিয়া কী হেইডাই তহন বুঝবার পারতাম না। জানতাম না স্বামীর সাথে কি আচার-ব্যবহার করতি হবি। একটু ভুল হলেই স্বামী খালি আমারে মারত। আস্তে আস্তে সবকিছু সইয়া নিছি।’ কথাগুলো বলছিলেন ফাতেমা বেগম (১৯)। চার সন্তান ও স্বামীকে নিয়ে থাকেন রাজধানীর মহাখালী বস্তিতে। ফাতেমা বলেন, ‘আমি এত্ত ছাওয়াল মাইয়া চাই নাই। কিন্তুক আমার স্বামী কোনো পদ্ধতি নিবার চায় না। আমারেও কিছু আইনা দেয় না।’ ফাতেমা জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীনও তিনি স্বামীর হাতে মার খেয়েছেন। ফাতেমার স্বামী করিম মোল্ল্যা ভ্যানচালক। তাঁর ইচ্ছা আরও দু-একটি ছেলেসন্তান হোক। সন্তান নেওয়ার ব্যাপারে ফাতেমা বেগমের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য নেই।
কমলাপুর বস্তিতে থাকে মাহমুদা খাতুন (১৬)। ১২ বছর বয়সে বিয়ে হয়েছে মাহমুদার। সে জানায়, বিয়ের এক বছর পর তাঁর একটা মেয়ে হয়। প্রসববেদনা ওঠার পরও কোনো হাসপাতালে নেননি তাঁর স্বামী। তিন দিন ধরে ব্যথা সহ্য করে। পরে টয়লেটে হয় সন্তান। জন্মের পরপরই মারা যায় কন্যাসন্তানটি। এদিকে দীর্ঘ সময় ধরে প্রসববেদনা সহ্য করায় ফিস্টুলা হয়ে যায় মাহমুদার। কিন্তু কোনো হাসপাতাল বা ক্লিনিকে নেওয়া হয়নি তাকে। এই অসুস্থতার মধ্যেও প্রতিনিয়ত সে স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে। মাহমুদার স্বামী ভ্যানে সবজি বিক্রি করেন। তবে হাতে টাকা থাকলে সেদিন আর কোনো কাজ করেন না। এ নিয়ে মাহমুদা কিছু বলতে গেলেই তাকে বাবার বাড়ি চলে যেতে বলেন। কোনো কোনো দিন ঘর থেকে বের করে দিয়ে বলেন, বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে।’
শুধু ফাতেমা বেগম ও মাহমুদা খাতুনই নয়, বাল্যবিবাহের শিকার হয়ে বাংলাদেশের অনেক মেয়ে এ রকম শারীরিক ও মানসিক নিপীড়ন সহ্য করছে।
মিসরের রাজধানী কায়রোতে জনসংখ্যা ও উন্নয়ন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালের ৫-১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই সম্মেলনে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন ও কৈশোরে প্রজননস্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয় আলোচনায় আসে। সম্মেলনে প্রাধান্য পায় কৈশোরে প্রজননস্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি। সে সম্মেলনে বাংলাদেশও অংশ নিয়েছিল। তবে কায়রো সম্মেলনের ২১ বছর পরও বাংলাদেশে এসব ক্ষেত্রে খুব একটা উন্নতি হয়নি। এখনো দেশে বাল্যবিবাহ হচ্ছে, মেয়েরা শিকার হচ্ছে নির্যাতনের। পাচ্ছে না প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য মতে, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। এখনো গড়ে শতকরা ৬৬ ভাগ নারীকে ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে।’ তারা বয়ঃসন্ধিকালের প্রজননস্বাস্থ্য সম্পর্কে না জেনেই প্রবেশ করছে বিবাহিত জীবনে। পড়ছে বিভিন্ন সমস্যায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি জরিপে উঠে এসেছে, দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছে। যাদের মধ্যে ৬৫ শতাংশ স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতন ভোগ করছে, ৩৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক এবং ৫৩ শতাংশ নারী স্বামীর মাধ্যমে অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছে।
হোসনে আরা (ছদ্মনাম) একটি সরকারি কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জানান, নিজের উপার্জিত টাকা খরচ করার স্বাধীনতা তাঁর নেই। তাঁর স্বামী জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি স্ত্রীর সব টাকা নিয়ে নেন। টাকা তিনি কোন খাতে খরচ করবেন তা হোসনে আরাকে কিছু জানান না।
ইউনিসেফের তথ্যানুযায়ী, বাংলাদেশে অনেক ক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও ক্ষমতায়নের জায়গাটি এখনো দুর্বল।