মেরাজদের তরমুজ বিপ্লব
‘সংসারে ১০টি খাবারের মুখ। অভাব যেন পিছু ছাড়ছিল না। এখন আর ভাবনা নাই। সংসার তো চলবেই, সচ্ছলতাও আসবে।’ খেতের তরমুজ দেখিয়ে বললেন কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের স্বাবলম্বী নারী সবে মেরাজ।
কেবল মেরাজ নন, সোদিয়ার অনাবাদী বালুচরে তরমুজ ফলিয়ে সুখের মুখ দেখেছেন ২০০ দ্বীপবাসী। পরিবেশ অধিদপ্তরের দ্বীপের বাসিন্দাদের বিকল্প আয় রোজগারের পথ দেখাতে প্রশিক্ষণ দিয়েছিল বছর পাঁচেক আগে। মেরাজের মতো অনেক দ্বীপবাসীরই সাফল্যের পথে চলা শুরু হয়েছিল তখনই।
গত শুক্রবার দুপুরে নিজের খেতে কাজ করছিলেন সোনাদিয়া দ্বীপের পশ্চিমপাড়ায় এই সফল নারী। সংসারের অভাব দূর নয় কেবল, মেরাজ এখন লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন। সাফল্যের গল্প শুনতে চাইলে মুখে হাসি ছড়িয়ে পড়ে তাঁর। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন তরমুজ, খিরা, শাক-সবজি, কাঁকড়াসহ বিভিন্ন ধরনের চাষের প্রশিক্ষণ দেন। ওই প্রশিক্ষণে আমিও অংশ নিই। তিন বছর আগে অনাবাদি বালুচরের এক একর জমিতে তরমুজ চাষ শুরু করি। প্রথমে তেমন ভালো ফলন না হলেও সময়মতো সার দেওয়ায় এবার তরমুজের ফলন খুব ভালো হয়েছে।’
খেতের তরমুজ বিক্রি করে এবার লাখ টাকার মতো আয় হবে বলে আশা করছেন মেরাজ। মেরাজ জানালেন, সোনাদিয়া দ্বীপের তরমুজ গাঢ় লাল ও মিষ্টি স্বাদের। এ জন্য এখানকার তরমুজের কদরও আছে। মেরাজের সঙ্গে কথপোকথনে ছেদ পড়ে। চকোরিয়া থেকে আসা একদল পর্যটক তাঁর খেতের তরমুজ কিনতে চান। পর্যটকেরা পছন্দ করে চারটা তরমুজ কিনলেন ৫০০ টাকায়।
পর্যটক দলের সদস্য যোসেফ অমূল্য রায় বলেন, সোনাদিয়া দ্বীপে ঘুরতে বেশ ভালো লেগেছে। আর বালুচরের তরমুজও খেতে অপূর্ব। এমন মিষ্টি তরমুজ আগে খাইনি।’
সোনাদিয়ার পশ্চিমপাড়ার পরিবেশ কর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ২০০৮ সালে পরিবেশ অধিদপ্তর লোকজন এ দ্বীপের বাসিন্দাদের বিকল্প আয়ের পথ দেখাতে প্রশিক্ষণ দেন। এরপর বালুরচরে এলাকার ৬০ জন লোক তরমুজ চাষ করেন। তাঁদের বেশ লাভ হওয়ায় উৎসাহিত হন আরও অনেকে। এ বছর ২০০ জন লোক তরমুজ চাষ করছে। এখানকার তরমুজ মহেশখালী ও চট্টগ্রমের বাজারে সরবরাহ করেন পাইকারি বিক্রেতারা।
এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিরুল বাহারাইন বলেন, সোনাদিয়া দ্বীপে তরমুজ চাষিদের সংখ্যা দিন দিন বাড়ছে। এবার ২০০ চাষি বালু চরের ২৫০ একর জমিতে তরমুজ চাষ করছেন। ফলে তরমুজের ফলন ভালো হওয়ায় চাষিরা বেশ লাভবান হবেন বলে তিনি মন্তব্য করেন।