মেরামতের এক বছরেই আবার খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ডিসি সড়ক মেরামতের এক বছর না যেতেই খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এ কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০০৭ সালে ১৪ কিলোমিটারের সড়কটি মেরামতকাজ শুরু করে ইউডিসি ম্যাক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয় প্রায় ১২ কোটি টাকা। জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা এতে আর্থিক সহায়তা দেয়। ওই সময় সড়কের দুই পাশে মাটি ও বালু ভরাটের কাজ শেষ করে মেরামতকাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ ২০১০ সালে সড়কের কাজ আবার শুরুর উদ্যোগ নেন। এর পর ২০১১ সালের মে মাসে মেরামতকাজ শেষ হয়।পৌরসভার ঘাটচেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিম জানান, মেরামতের সময় সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাথর কম দিয়ে ইটের খোয়া দেওয়া হয়েছে বেশি। পিচ ঢালাই করা হয়েছে মাত্র এক ইঞ্চির মতো। আশপাশের বাসিন্দারা এর প্রতিবাদ করলেও ঠিকাদারের লোকজন তা আমলে নেয়নি। ফলে এক বছরের মাথায় সড়ক ভাঙা শুরু হয়েছে। এ সড়ক দিয়ে ঘাটচেক পৌর এলাকা ও তিন ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ যাতায়াত করে। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ঘাটচেক রাস্তার মাথা থেকে হাজারিদীঘি পর্যন্ত তিন কিলোমিটার সড়কজুড়ে বড় বড় গর্ত। পারুয়া ইউনিয়নের হাজারিহাট, সাহাব্দিনগর, কাটাখালী, দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট, ফুলবাগিচা, উত্তর রাজানগর ইউনিয়নের হালিমপুর, রানীরহাটসহ অনেক স্থানেই খনাখন্দে ভরে গেছে।উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, সড়ক মেরামতকাজে অনিয়ম হয়েছে, সেটা ঠিক নয়। রাতের আঁধারে ইটবাহী ট্রাক চলাচল করায় সড়কের পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণের জন্য ১৪ কিলোমিটারের মধ্যে ৩৯টি গতিরোধক দেওয়া হয়েছিল। তাতেও কোনো কাজ হচ্ছে না।