মেরিন একাডেমিতে পেশাদার উন্নয়ন কোর্স অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে নির্বাহী পেশাদার উন্নয়ন কোর্স অনুষ্ঠিত হয়। ৩ মার্চ দুপুরে সমাপনী দিনে সনদ বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কোর্সের কার্যক্রম শেষ হয়। আন্তর্জাতিক নৌ-সংস্থা (আইএমও) ও বাংলাদেশ মেরিন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ কোর্সে নৌ-খাতের নীতিনির্ধারক পর্যায়ের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।
বৃহস্পতিবার দুপুরে সমাপনী দিনে সনদ বিতরণের আগে একাডেমির নৌ-শিক্ষাপ্রধান ক্যাপ্টেন কাজী এ বি এম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় একাডেমির পক্ষে স্বাগত বক্তব্য দেন প্রধান প্রকৌশলী মঞ্জুরুল কবীর। পরে সুইডেনের বিশ্ব নৌ-বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ পরিচালক নেইল বেলেফন্টেইন অংশগ্রহণকারী কর্মকর্তাদের সনদ বিতরণ করেন।
কোর্সে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক পর্যায়ের ছয়জন কর্মকর্তা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপক পর্যায়ের দুজন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ, ইস্ট-কোস্ট গ্রুপ ও মেরিন একাডেমির কর্মকর্তারা অংশ নেন।
মেরিন একাডেমি সূত্র জানায়, বাংলাদেশ মেরিন একাডেমি ১৯৯০ সালে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেলেও যৌথ ব্যবস্থাপনায় কোনো কোর্সের আয়োজন করতে পারেনি এত দিন। একাডেমিতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নির্বাহী পেশাদার উন্নয়ন কোর্স। —আনোয়ারা প্রতিনিধি