মেরিন ড্রাইভ সড়কে মনখালী সেতু উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মনখালী সেতু ১৫ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মনখালী নদীর ওপর নির্মিত ১১৮ দশমিক ৬৯ মিটার ৈদর্ঘ্যের সেতুটি নির্মাণে করতে খরচ হয় ২২ কোটি ৫৭ লাখ টাকা।
এই সড়কে সেতু রয়েছে নয়টি। ইতিমধ্যে ছয়টির নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া ২৮টি কালভার্টের মধ্যে শেষ হয়েছে ২০টির কাজ।
প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ৮২ কিলোমিটারের মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন)। বর্তমানে কক্সবাজার শহরের কলাতলী থেকে উখিয়ার মনখালী পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটারের নির্মাণকাজ শেষ হয়েছে। সেতু উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে মেরিন ড্রাইভ সড়ক বিশেষ ভূমিকা রাখবে। মনখালী সেতুর পরে টেকনাফ পর্যন্ত অবশিষ্ট ২৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজ ২০১৬ সালের মধ্যে শেষ করা হবে। তখন পর্যটকদের জন্য নানা বিনোদনক্ষেত্র গড়ে ওঠবে। বৃহত্তর চট্টগ্রামসহ কক্সবাজার পরিণত হবে পর্যটন, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণকেন্দ্রে। এ সময় উপস্থিত ছিলেন ১৬ ইসিবির প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়াহাব, লে. কর্নেল মনোয়ারুল ইসলাম সরকার, প্রকল্প কর্মকর্তা মেজর আশিকুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান ও সাইমুম সরওয়ার, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর আলম প্রমুখ।