
২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যায় ভয়াবহতম ভবন বিপর্যয়-সাভারে রানা প্লাজা ধস। ঘটনার প্রথম দিন থেকেই প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ওষুধ ও সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল এবং হাসপাতালগুলোয় কাজ শুরু করেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে মোট জমা পড়ে দুই কোটি ২১ লাখ ১৭ হাজার ৯২২ টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন, উদ্ধার কার্যক্রম, যাতায়াত ও তাৎক্ষণিক সহায়তার কাজে ব্যয় করা হয়েছে এক কোটি ৭১ লাখ ১৭ হাজার ৯২২ টাকা।
এ ছাড়া মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় ১০১ জনকে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়। এই পুনর্বাসনের আওতায় ১০০ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকা এবং একজনকে ৫০ হাজার টাকার স্থায়ী আমানতপত্র দেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তাপ্রাপ্ত ১০১ জনের মধ্যে ৪৭ জন নারী, ৩৯ জন পুরুষ, পাঁচজন উদ্ধারকর্মী এবং স্বজন হারানো ১০ শিশু রয়েছেন।
তা ছাড়া তহবিলে বর্তমানে শিক্ষাবৃত্তির জন্য জমা আছে ৫০ লাখ টাকা। এ টাকা দিয়ে রানা প্লাজায় নিহত হয়েছেন, এমন শ্রমিক পরিবারের ২০ জন শিক্ষার্থীকে পড়াশোনার জন্য হাতে নেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি প্রকল্প। এ প্রকল্পের আওতায় নির্বাচিত ২০ শিক্ষার্থীকে স্নাতকোত্তর শ্রেণি অবধি লেখাপড়া চালানোর জন্য প্রতি মাসে বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তিপ্রাপ্তদের লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পর তহবিলে সঞ্চিত অবশিষ্ট টাকা পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করে বৃত্তিপ্রাপ্তদের কল্যাণেই ব্যয় করা হবে।
আজিজা আহমেদ
সমন্বয়কারী, প্রথম আলো ট্রাস্ট