মেরিল্যান্ডে সংগীতসন্ধ্যা

সেদিন আকাশে মেঘ। অনুষ্ঠান শুরুর আগে অঝোরে শুরু হলো বৃষ্টি। আয়োজকদের কেউ কেউ তখন ভীষণ ব্যস্ত শব্দযন্ত্র নিয়ে, কেউ অতিথি আপ্যায়নে। এমন একটি বৈরী আবহাওয়ার মধ্যেও অতিথিরা আসছেন।
মন তো আর ঘরে বেঁধে রাখা যায় না! বাংলার গান শোনার আগ্রহ তাঁদের ঘরে আটকে রাখতে পারেনি। গানপাগল শ্রোতারা নির্ধারিত সময়ে সমবেত হলেন মেরিল্যান্ডের সিলভার স্পিরং শহরের মার্গারেট সুইনহট সিনিয়র সেন্টারে। গত ৩১ আগস্ট সন্ধ্যা সাতটায় যুক্তরাষ্ট্রপ্রবাসী প্যাট্রিক ডি কস্তা ও জেমস বিমল গোমেজ আয়োজন করেছিলেন সংগীতসন্ধ্যার। সংগীতশিল্পী অনিমা মুক্তি গোমেজ, অপু গাংগুলীসহ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লেমেন্ট স্বপন গোমেজ। তাঁর বক্তব্যের পরই স্থানীয় সংগীতশিল্পী রিংকু ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া’ রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। শহিদুজ্জামান সেলিম মান্না দের গাওয়া ‘আমি আকাশ হতে পারি’, ক্লেমেন্ট স্বপন গোমেজ ‘রাঙ্গামাটির রঙ্গে চোখ জুড়াল সাম্পান মাঝির গানে মন ভরাল’ এবং রবীন্দ্রসংগীত ‘একটুকু ছোঁয়া লাগে’ পরিবেশন করেন। শুদ্ধ সংগীতের শিল্পী খ্রীষ্টফার তাপস পরিবেশন করেন নজরুলগীতি ‘রিনিকি ঝিনিক’ ও আধুনিক গান ‘আমার স্বপ্ন যে তুমি’।
স্থানীয় শিল্পীদের পরিবেশনার পর মঞ্চে আসেন অনিমা মুক্তি গোমেজ। তিনি মূলত লোকসংগীতশিল্পী হলেও রবীন্দ্র ও নজরুল সংগীতসহ মূলধারার বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। তাঁর পরিবেশিত গানগুলো হলো ‘তুমি রবে নীরবে’, ‘মাঝে মাঝে তব দেখা নাহি পাই’, ‘আমার কোন কূলে আজ ভিড়ল তরী’, ‘মলিন হয়েছে চোখের কাজল’, ‘নহে নহে প্রিয়’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘সাগরের তীরে’, ‘বিমূর্ত এ রাত্রি আমার’, ‘একটা গান লিখো আমার জন্য’, ‘আকাশ মেঘে ঢাকা’ ও ‘আমার সোনার ময়না পাখি’।
বাংলাদেশের লোকসংগীত শিল্পীদের মধ্যে অনিমা মুক্তি গোমেজ অন্যতম। বাংলাদেশ টেলিভিশনসহ নানা চ্যানেলে সংগীত পরিবেশন ও বহু দেশে বাংলাদেশ সংগীত দলের প্রতিনিধিত্ব করে দেশের সুনাম বয়ে এনেছেন।
শিল্পী অপু গাংগুলী পরিবেশন করেন পুরনো দিনের গান। তিনি অতুল প্রসাদ, সতীনাথ, ভূপেন হাজারিকা, মান্না দে, জগন্ময় মিত্র, তালাত মাহমুদের গাওয়া কয়েকটি গান গেয়ে শোনান। তাঁর পরিবেশিত গানগুলো হলো, ‘শুধু তোমার বাণী নয়’, ‘সেদিনের সোনাঝরা সন্ধ্যায়’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘মেঘ থম থম করে’, ‘যারা ডাকে তারা ভুলে যায়’, ‘কে তুমি তন্দ্রাহরিণী’ এবং ‘সেই তো আবার কাছে এলে’।
সংগীতসন্ধ্যায় বিভিন্ন সময় তবলায় সঙ্গত করেন পল ফেবিয়ান গোমেজ, স্বপন কোড়াইয়া, সুকুমার পিউরীফিকেশন ও খ্রীষ্টফার সুব্রত গোমেজ।
রাত সাড়ে ১১টা পর্যন্ত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এরপর আয়োজক জেমস বিমল গোমেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সুবীর কাস্মীর পেরেরা
মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র