মেলবোর্ন ক্রিকেট মাঠে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্ন ক্রিকেট মাঠে বাংলা​ে​দশ বনাম শ্রীলঙ্কার খেলার দিনে
মেলবোর্ন ক্রিকেট মাঠে বাংলা​ে​দশ বনাম শ্রীলঙ্কার খেলার দিনে

মেলবোর্নের আকাশ-বাতাস কাঁপিয়ে বেজে উঠেছে আমার প্রাণের গান; ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।’ বিদেশের মাটিতে ৩০ হাজার মানুষের সঙ্গে দাঁড়িয়ে কণ্ঠ মেলাতে গিয়ে টের পেলাম গলা ধরে আসছে। ঝাপসা চোখে বড় পর্দায় তাকিয়ে দেখি আমাদের সোনার ছেলেদের। ওদেরও যে ঠোঁট কাঁপছে।
২৬ ফেব্রুয়ারি হয়ে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগমুহূর্তের কথাই বলছিলাম। লঙ্কার সিংহরা সংখ্যায় বেশি হলেও বাংলার বাঘ আর লাল-সবুজেই যেন ছেয়ে গিয়েছিল পুরো রিচমন্ড থেকে ফ্লিনডার স্ট্রিট।
অনেক উত্তেজনা, স্বপ্ন, প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে উৎসবের সাজে সেদিন কয়েক হাজার বাংলাদেশি সমবেত হয়েছিল এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। এমসিজির বিশালতাও মনে রাখার মতো ; ধারণক্ষমতা ৯০ হাজার। দুই-তৃতীয়াংশ আসন খালি পড়ে ছিল।
প্রিয় বন্ধু ইশরাতসহ অনেকেই বিশেষ দোয়া প্রার্থনা করছিলেন সকালবেলায় মাশরাফিদের জন্য। বিফলে যায়নি কোনো কিছুই। বাংলাদেশের ছেলেরা ভালোই করেছে। প্রথম কয়েক ঘণ্টায় যদিও বা হাততালি দেওয়ার কোনো উপলক্ষই খুঁজে পাওয়া যায়নি, পরে ছেলেরা অনেক চেষ্টা করেছে। উন্মাতাল করে দিয়েছে লাল-সবুজে ঢাকা গ্যালারিগুলোকে। সাকিব-মুশফিকের চোখধাঁধানো চার-ছক্কায় যেন প্রাণ ফিরে পেল আমাদের বাঘ সকল।
ফলাফল যা-ই হোক, ছেলেরা আমাদের নিরাশ করেনি। তবে আর একটু হলেই ওরা উড়িয়ে দিতে পারত লঙ্কান সিংহদের।
‘মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি।।’—কত দিন হয়ে গেল দেশমাতার মুখে হাসি নেই। দুর্বিষহ জনজীবন।
এত কষ্ট আর অনিশ্চয়তার মাঝে মাশরাফিরাই যে একমাত্র আনন্দের উৎস। ওরাই যে আমাদের লাল-সবুজ পতাকাকে ছড়িয়ে দিয়েছে বিশ্বময়। গর্বিত করেছে গোটা জাতিকে। তাইতো স্বপ্ন দেখি, একদিন আমাদের বাংলা মায়ের দামাল ছেলেরা ঠিক ঠিক বিশ্বকাপ ট্রফিটা ঘরে নিয়ে আসবে।
সালমা বিনতে শফিক
মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে