মেলবোর্নে এক টুকরো এনএসইউ

২৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক হয়েছিলাম আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) একদল সাবেক শিক্ষার্থী। দেশ থেকে এত দূরে নিজের বিশ্ববিদ্যালয়ে পড়া ছোট-বড় ভাইবোনদের সঙ্গে চমৎকার একটা সময় কেটেছে। আমাদের আড্ডায় ঘুরেফিরে এসেছে বনানীর পুরোনো ক্যাম্পাস কিংবা বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথের দিনগুলোর গল্প।
ফিটসরয় টাউন হলে নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজন করেছিল ‘মেলবোর্ন এনএসইউয়ারস’। মেলবোর্নে এনএসইউয়ের সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন গত বছর ছোট পরিসরে যাত্রা শুরু করে। যদিও মাত্র এক বছরের মধ্যেই ২১ জনের নির্বাহী কমিটিসহ সদস্যের সংখ্যা প্রায় তিন শ ছাড়িয়েছে।
আয়োজকেরা প্রায় এক মাস ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন। ঢাকা থেকে আমাদের উদ্যাপনে অংশ নিতে হাজির হয়েছিলেন ব্যান্ড দল শূন্যর ভোকাল, নর্থ সাউথের সাবেক ছাত্র এমিল। সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে মঞ্চ মাতানো আরেক শিল্পী কান্তি আনন্ত্য নুজহাত। তিনি এখন শিক্ষকতা করছেন। শিল্পীরা ব্যান্ডের গান, আধুনিক গান, লোকসংগীত, রবীন্দ্রসংগীত ছাড়াও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিবিজড়িত গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।
একেকজন একেক ব্যাচের শিক্ষার্থী। তবু সহজেই আমরা সহজে একে অপরকে আপন করে নিয়েছিলাম। গল্প, আড্ডা যেন আর ফুরাচ্ছিল না। ‘ব্যাংকুয়েট ডিনার’, ‘রেড কার্পেট ফটো বুথ’সহ নানা আয়োজনের পুনর্মিলনী শেষ হয়েছে মাঝরাতে।