মেলবোর্নে বর্ষণে
এক দিনে চার ঋতুর শহর মেলবোর্ন। যেকোনো ঋতুর যেকোনো দিনের যেকোনো সময়ই হতে পারে বৃষ্টি। বেরোনোর সময় একটি ছাতা সঙ্গে থাকা চাই। আবহাওয়া-পাঠক রোজ সামগ্রিকভাবে আগামী দিনটি কেমন হবে, তা বলেন দুটি শব্দে—সুন্দর অথবা বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি হলে দিনটি সুন্দর নয়। যে শহরে সাধারণভাবে বৃষ্টিকে এই দৃষ্টিতে দেখা হয়, সেখানে বৃষ্টির প্রতি উচ্ছ্বাস দেখানোর মতো বিড়ম্বনা আর নেই। আমাদের কাছে বৃষ্টি মানে কদম ফুল, বৃষ্টি মানে উঠোনে জমে যাওয়া পানিতে কাগজের নৌকা, বৃষ্টি মানে মন কেমন করা আর বৃষ্টি মানে খিচুড়ি খাওয়া। অথচ এই শহরের লোকজন বৃষ্টিকে শুধু সব কাজের বাধা হিসেবেই দেখে। দৈনন্দিন কাজের সেসব বাধা আমাদের দেশেও কম কিছু নয়, বরং একটু বেশি। বৃষ্টির জন্য হয়তো দিনের নির্ধারিত অর্ধেক কাজ করা হয় না। তবু আমরা আমাদের অর্ধেক গ্লাসের অর্ধেক শূন্যতাকে অনেক ভালো লাগা দিয়ে ভরিয়ে রেখেছি। তাই এই ভিন শহরেও বৃষ্টি নামে আমার মতো করে।শীতকালেই বৃষ্টি হয় বেশি, যেন আকাশে ভাসমান প্রকাণ্ড বরফের চাঁই থেকে ঝরছে অঝোর ধারা। সংগত কারণেই ভেজার কথা ভুলে যেতে হয়। সারা দিন বেশ ঠান্ডা মেজাজে ঝরতে থাকে একটানা, যেন ঝরে যাওয়ার কোনো তাড়া নেই; তাই ঝমঝম করে ঝরে শেষ হয়ে যায় না। অস্ট্রেলিয়ায়শরৎকালের বৃষ্টি সত্যি সুন্দর, একে তো গাছের পাতারা অপূর্ব হলুদ, কমলা, লাল বর্ণ ধারণ করে, তার ওপর ঝরে যাওয়া বৃষ্টিতে ভেজা পাতাগুলোকে রোদের আলোয় রূপকথার হিরে-মানিকের গাছের মতো মনে হয়। বসন্তকালেও এ শহরে বৃষ্টি স্বাগতম নয়, একটাই কারণ, সেটা হচ্ছে ঠান্ডা।তবে আজকাল মনোভাব অনেক বদলেছে। জলবায়ু পরিবর্তনের কৃপায় মেলবোর্নের লোকজনের বৃষ্টিকে আর অনাসৃষ্টি মনে হয় না। পরপর সাত বছরের অখণ্ড খরায় পানির এমন অভাব যে এরাও এখন বৃষ্টিকে স্বাগত জানায়— ‘আয় বৃষ্টি ঝেঁপে...।’নাহিদ খানমেলবোর্ন, অস্ট্রেলিয়া।