মেলা ঘুরে...
যাঁদের পায়ের তলায় শর্ষে, তাঁরা আমি না বললেও ইতিমধ্যে একবার হলেও ঢুঁ মেরেছেন এই মেলায়। বলছি, ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা ২০১১-এর কথা। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই মেলা বসেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অংশ নিয়েছিল পর্যটনশিল্পের সঙ্গে জড়িত দেশ-বিদেশের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই মেলা উপলক্ষে ভ্রমণপিয়াসীদের জন্য রেখেছিল বিশেষ হ্রাসকৃত মূল্যের ভ্রমণ প্যাকেজ। মেলায় কথা হয় স্নিগ্ধা-মিল্টন দম্পতির সঙ্গে। সদ্য বিবাহিত এই দম্পতি চান এই ঈদের ছুটিতে মধুচন্দ্রিমা সেরে ফেলতে। বিভিন্ন স্টল ঘুরে অবশেষে প্রচিত হলিডের স্টলে এসে তাঁদের সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটল। ‘ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠান দিচ্ছে সবগুলো প্যাকেজের জন্যই এক হাজার টাকা ছাড়।’ বলছিলেন মিরপুর থেকে আসা এই নবদম্পতি।কিন্তু মেলা তো আর সব সময় চলে না।অনলাইনে ট্যুরিফাই ওয়েবসাইট (www.touriffy.com) এনেছে অনলাইনে ভ্রমণসেবা। তাদের একজন বিপণন কর্মকর্তা জানান, তাঁরা বিশ্বের পাঁচ শতাধিক হোটেল ও বিমান পরিবহন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। ইচ্ছে করলে ঘরে বসেই এই ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং দিতে পারবেন; কিনতে পারবেন বিমানের টিকিট। সে জন্য আপনার আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই, স্থানীয় ক্রেডিট কার্ড হলেই চলবে।দেশি এসব প্রতিষ্ঠানের পাশাপাশি স্টল সাজিয়ে বসেছিল থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভারতের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ভুটানের ওয়াংচাক ট্যুর অ্যান্ড ট্রেকসের ব্যবস্থাপনা পরিচালক চেনচো টি শেরিং বলেন, ‘ভুটানের পর্যটনশিল্পের সঙ্গে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ মেলায় অংশ নিয়েছি।’কিন্তু বাংলাদেশে এমন মেলার আয়োজন করার উদ্দেশ্য কী? সে উত্তর পাওয়া গেল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের উদ্বোধনী বক্তৃতায়, ‘বাংলাদেশের পর্যটনশিল্পকে বিকশিত করা এবং বাংলাদেশ সম্পর্কে পর্যটকদের আকৃষ্ট করা।’