মেলা চলছে এলিফ্যান্ট রোডে
শীতের সকালে ঢাকার এলিফ্যান্ট রোডের পাশ দিয়ে যেতেই মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চোখে পড়ে উৎসবের আমেজ। এ যে বিজয়ের মাস তা বোঝা যায় মার্কেটে প্রবেশ করতেই। পুরো মার্কেট সাজানো হয়েছে লাল-সবুজ বেলুনে। ১৯ ডিসেম্বর থেকে এই কম্পিউটার ও প্রযুক্তিপণ্য বিক্রয়কেন্দ্রে শুরু হয়েছে কম্পিউটার মেলা। আর তাই তো এত বর্ণিল আয়োজন।এবারের মেলার স্লোগান ‘গো গ্রিন উইথ আইসিটি’। ডিজিটাল আইসিটি ফেয়ার নামে আট দিনের এ মেলা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। মেলার আহ্বায়ক তৌফিক এহসান বলেন, শুরু থেকেই এবার মেলাপ্রাঙ্গণে প্রচুর লোকের সমাগম হচ্ছে। বছরের শেষে নতুন একটি বছর আসার আগে নিজের পছন্দের প্রযুক্তিপণ্যটি কিনতেই হাজার হাজার লোক প্রতিদিনই মেলায় ভিড় করছেন।মার্কেটের তৃতীয় থেকে দশমতলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকায় আয়োজিত এই মেলায় ৪৫০টির বেশি প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিটি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। মেলা উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠান তাদের পণ্যগুলোয় বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার দিচ্ছে। মেলায় যেকোনো ধরনের কম্পিউটার বা ল্যাপটপ কিনলে ৭৫০ টাকা বাড়তি দিয়ে পাওয়া যাচ্ছে সিটিসেল জুম মডেম। এইচপি ফুজিৎসু, ডেল, সনি ভায়ো, আসুস, স্যামসাং তসিবাসহ সব ধরনের নেটবুক ও ল্যাপটপে এক থেকে দুই হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে আর সঙ্গে দেওয়া হচ্ছে ইন্টারনেটের মডেমসহ আরও অনেক পুরস্কার ও স্ক্র্যাচ কার্ড। বিভিন্ন প্রতিষ্ঠানের এন্টিভাইরাস মিলছে বিশেষ ছাড়ে। নানা সুবিধার প্রিন্টারগুলোয় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এ ছাড়া শৌখিন পেনড্রাইভ, মাউস, সাউন্ডবক্স, কিবোর্ডে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলার বিশেষ আয়োজন হিসেবে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তি নিয়ে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া পাঁচ ঘণ্টা পরপর প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্র অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ল্যাপটপ কিনতে এসে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘নতুন বছর শুরু হওয়ার আগে একটি ল্যাপটপ কেনার জন্য মেলায় এসেছি। একসঙ্গে অনেক ল্যাপটপ থাকায় বেছে নিতে সুবিধা হচ্ছে আর দামও কিছুটা কম এখানে।’মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারছে। বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরায় যেমন মূল্যছাড় দেওয়া হচ্ছে তেমনি সঙ্গে মেমোরি কার্ডও দেওয়া হচ্ছে বিনামূল্যে।মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক সিটিসেল, সহপৃষ্ঠপোষক আভিরা, এসার, এসপি সিলিকন পাওয়ার, ম্যাকগ্রিন, ফুজিৎসু, হাই-টেক ও ভ্যারিকো। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার বিভিন্ন তথ্য সবাইকে জানানোর জন্য আলাদাভাবে এ কটি ওয়েবসাইট চালু করা হয়েছে: www.digitalictfair.com।