মেলা মিলেছিল সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হল মেলা। ১৫টি বন্ধুসভা এই মেলায় অংশ গ্রহণ করে। মেলার বিস্তারিত নিয়ে এ আয়োজন

সিলেট বন্ধুমেলায় একটি বিশেষ আয়োজনে বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা
সিলেট বন্ধুমেলায় একটি বিশেষ আয়োজনে বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর আঙিনা যেন আল্পনা আঁকা তারুণ্যখচিত ক্যানভাস। সেদিন ছিল ২৮ নভেম্বর। বন্ধুমেলা শুরু হওয়ার আগে সকাল নয়টায় ‘এই শহর আমার, এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন বন্ধুরা। 
সাড়ে নয়টা বাজতেই অতিথিসহ বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীতে অংশ নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান একাডেমী চত্বরে। সুচরিতা চক্রবর্তী ও মোর্শেদা আক্তার নামের দুজন গৃহিণী জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা উত্তোলন করেন।
‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় বন্ধুমেলার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়। গৃহস্থালিসহ অন্যান্য কাজে নারীর অবদানের স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বক্তৃতা দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার আলমগীর, ব্যবস্থাপক (যোগাযোগ) আরিফুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী এবং প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।

বনশ্রী মিত্র নিয়োগী,খন্দকার আলমগীর,শহীদুল ইসলাম,রাকিবা ইসলাম
বনশ্রী মিত্র নিয়োগী,খন্দকার আলমগীর,শহীদুল ইসলাম,রাকিবা ইসলাম

বনশ্রী মিত্র নিয়োগী বক্তৃতায় বলেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টালে সমাজ বদলাবে। নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে চিন্তা করতে হবে। সংসারে নারীর সঙ্গে পুরুষদেরও দায়দায়িত্ব ভাগ করে নিতে হবে। সাইদুজ্জামান বলেন,‘বন্ধুসভার সদস্যরা সব সময়ই নারীর কাজের প্রতি শ্রদ্ধাশীল।

নৃত্যে সানজানা চৌধুরী
নৃত্যে সানজানা চৌধুরী

নারীকে কখনো তাঁরা খাটো করে দেখেনি, ভবিষ্যতেও দেখবে না।’ আলোচনার পরপরই রওশনের হাস্যরসপূর্ণ সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মাঝখানে ঘণ্টা খানেকের খাবার বিরতি ছাড়া সন্ধ্যা পর্যন্ত চলে এ পর্ব।
মৌলভীবাজার বন্ধুসভার বাপন পাল ‘তোরে পুতুলের মতো’ এবং সুনামগঞ্জ বন্ধুসভার রাকিবা ইসলাম ‘আমার অনেক ঋণ’ গান দুটি গাইতেই বন্ধুরা নাচ শুরু করেন। এর পরই ‘ওরে সাম্পানওয়ালা’ গানের সঙ্গে নৃত্য করেন সিলেট বন্ধুসভার সানজানা চৌধুরী। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা দলীয় সংগীত পরিবেশন করেন।
দিনভর নানা আয়োজনে পরিবেশনায় অংশ নেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সাবরিন সুলতানা চৌধুরী, মৌলভীবাজার বন্ধুসভার আনিকা ও অপূর্ব সোহাগ, হবিগঞ্জ বন্ধুসভার নাসির আহমেদ, মৌলভীবাজার বন্ধুসভার সুপ্রিয়া সুমি ও সিরাজ, সুনামগঞ্জ বন্ধুসভার সোহেল রানা, বিশ্বনাথ বন্ধুসভার প্রিয়াংকা দেব, বালাগঞ্জ বন্ধুসভার বিউটি রানী দে, হবিগঞ্জ বন্ধুসভার বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আকাশ খাশনবিশ ও সিলেট বন্ধুসভার অনামিকা রায়। বালাগঞ্জ বন্ধুসভার নৃত্য এবং এমসি কলেজ ও কুলাউড়া বন্ধুসভার নাটিকাও বন্ধুদের আনন্দ দেয়।

অনামিকা রায়,হাসন রাজার ভূমিকায় চৌধুরী মাহবুবুর রহমান
অনামিকা রায়,হাসন রাজার ভূমিকায় চৌধুরী মাহবুবুর রহমান

ক্যাটওয়াক প্রতিযোগিতা, ব্যতিক্রমী এ পর্বে বন্ধুদের উচ্ছ্বাসের শেষ ছিল না। সিলেট বন্ধুসভার বন্ধুরা ‘সিলেটের আয়না’ শীর্ষক গীতিনাট্যে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম, হাসন রাজা, রাধারমণ দত্ত ও শিতালং শাহকে উপস্থাপন করেন ভিন্ন মাত্রায়। সব শেষে মঞ্চে ওঠে সুনামগঞ্জ বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধ’ শীর্ষক একটি অসাধারণ কোরিওগ্রাফি উপস্থাপন করে তারা।
অনুষ্ঠানে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রা। ছবি তুলেছেন আনিস মাহমুদ ও সৈয়দ মুনির। আয়োজক সিলেট বন্ধুসভার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মোমেন মিয়া, তাপস সরকার, আমরীন আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।