মেলার বাইরেও মেলা!
নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে ২০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কিন্তু ঠিক কয়টি মেলা বসেছে এখানে? এমন প্রশ্ন যিনি করবেন তাঁর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু এর মধ্যে যাঁরা মেলায় গেছেন তাঁদের কাছে এমন জিজ্ঞাসা উদ্ভট মনে হবে না। কারণ মূল বাণিজ্য মেলার বাইরে যে আরও একটি ছোটখাটো মেলা বসে গেছে সেটা তো আগত দর্শকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। আগত দর্শকেরা এর নাম দিয়েছেন মেলার বাইরের মেলা।মেলায় প্রবেশের আগেই ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটসংলগ্ন সড়কের এক পাশে সারি সারি দোকানে বিক্রি হচ্ছে হরেক রকমের পণ্য।আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি প্যাভিলিয়নের ব্যবসায়ীরা বলছেন মেলা প্রাঙ্গণের বাইরে এসব দোকানের কারণে মেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে। ক্ষতি হচ্ছে ব্যবসারও। তবে মেলার আয়োজক কর্তৃপক্ষ চট্টগ্রাম চেম্বার বলছে এ বিষয়ে তাঁরা কিছুই জানে না।গত শুক্রবার সকালে মেলায় গিয়ে দেখা যায়, এসব দোকানে বিক্রি হচ্ছে প্লাস্টিকের খেলনা, জুতা, পোস্টার, গৃহসজ্জার সামগ্রী, তৈজসপত্র, লোহার তৈরি জিনিস, পোশাক ও বিভিন্ন ধরনের খাবার। মেলায় আসা দশনার্থীদের অনেকেই এখানে পণ্য দেখছেন ও কিনছেন।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসরিন জাহান বলেন, ‘মেলার বাইরে দেখি অনেক পণ্য বিক্রি হচ্ছে। প্লাস্টিকের কয়েকটা খেলনা কিনেছি। তবে দাম বেশি বলেই মনে হচ্ছে।’পণ্যের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা প্রথম আলোকে বলেন, ‘দোকান ভাড়া দৈনিক এক হাজার টাকা। এর সঙ্গে আনুষঙ্গিক খরচও আছে। তাই দাম তো বেশিই হবে।’ মেলার বাইরে বসা বিভিন্ন দোকানের বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এখানে ছোটবড় মিলিয়ে প্রায় ৭০টি বিভিন্ন পণ্যের দোকান আছে। বিক্রেতারা জানান, মেলা কমিটি পরিচয় দিয়ে কিছু লোক প্রতিদিন রাত আটটার দিকে দোকান ভাড়া তুলে নেয়। আকারভেদে দোকানের ভাড়া সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা। এ বিষয়ে জানতে চাইলে মেলার তথ্য ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা দুই কর্মকর্তা তৌহিদুল আলম ও মোকাম্মেল হক বলেন, ‘মেলা প্রাঙ্গণের ভেতরের স্টল ও প্যাভিলিয়নের দায়িত্ব আমাদের। বাইরের এসব দোকানের বিষয়ে আমরা কিছু জানি না।’ এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সচিব ওসমান গনি চৌধুরী বলেন, ‘বাইরে কারা দোকান বসিয়েছে তা জানি না। এতে মেলার সুনাম নষ্ট হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে চেম্বারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।’ নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আজ (শুক্রবার) পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আপানাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন।’