মেলার বাইরের মেলায় জমছে বিকিকিনি
‘বাণিজ্য মেলা তো বাপু বড় লোকের জন্য। আমাদের মতো গরিবের জন্য বাইরের মেলাই অনেক কিছু। এখানে প্রতিবছর পরিবার নিয়ে আসি। সংসারের টুকটাক জিনিসপত্র কিনি। বাচ্চাদের খেলনা কিনে দিই। এতেই শান্তি।’ গত শনিবার দুপুরে হাতপাখা কেনার সময় কথাগুলো বললেন মাদারবাড়ী থেকে আসা পঞ্চাশোর্ধ্ব করম উদ্দিন।সরেজমিনে দেখা গেছে, মূল মেলা থেকে ফেরার পথে অনেকেই বাইরের মেলায় দরদাম করে কিনে নিচ্ছেন দা, বঁটি, খুন্তি, পিঠা তৈরির পিঁড়ি, চামচ, কড়াই, ফুল ও শলার ঝাড়ু, মোড়া, ফুলদানি, মাটির ব্যাংক, টব, স্যান্ডেল, পাপোশ, সস্তা গহনা-প্রসাধন, বাচ্চাদের রকমারি খেলনা, তৈরি পোশাক, টেবিল ও বিছানার চাদর, ঢোল, তিলের খই, গজা, বাতাসাসহ মুখরোচক খাবার। প্রতিদিন বিকেল থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে এসব দোকানে। ছুটির দিনে দম ফেলার ফুরসত পান না বেশির ভাগ বিক্রয়কর্মী।নোয়াখালীর লক্ষ্মীপুরের কবিরাজ ইসমাইল দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাতপাখা এনে দোকান সাজিয়েছেন। এখানে সিলেটের শাহজালালের বেয়ারিং পাখা প্রতিজোড়া ২০০ টাকা, স্কুল প্রাইভেট পাখা ৪০ টাকা, লালন পাখা ২০০ টাকা, রাজশাহীর বাঁশের বেতের পাখা ৬০ টাকা, বাঁশখালীর তালপাতার পাখা ৬০ টাকা ও কুষ্টিয়ার তালগাছের ডালের তৈরি নজরুল পাখা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ইসমাইল জানান, ‘এখন প্রতিদিন ১০-১২ হাজার টাকার পাখা বিক্রি হচ্ছে। সামনে বিক্রি আরও বাড়বে।’ তাঁকে প্রতিদিন দোকান ভাড়া দিতে হয় এক হাজার টাকা। বৈদ্যুতিক বাতির খরচ ২০০ টাকা। তারপরও তাঁর মুখের হাসি বলে দিচ্ছিল ব্যবসা ভালোই হচ্ছে।মেলায় রাঙামাটির ফুলের ঝাড়ু প্রতিজোড়া ৮০ টাকা, নোয়াখালীর মাদুর প্রতিটি ৬০০ টাকা, ঢাকার মোড়া ২০০-৩০০ টাকা, শীতল পাটি ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। চাঁদপুরের উমর ফারুক মেলায় এনেছেন মাটির তৈরি সুন্দর সুন্দর পটারি, ফুলদানি, ব্যাংক, শোপিস ইত্যাদি। পোড়ামাটির এসব পণ্যে সোনালি, হলুদ ও সবুজ রঙের সঙ্গে জরির কাজ হাতছানি দিচ্ছে ক্রেতাদের। এখানে ভিড় করছেন মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা। ২০ থেকে ৮০০ টাকার পণ্য মিলছে এখানে। নোয়াখালীর ছেলে রাজু আহমেদ। মাত্র ১৬ বছরের এ কিশোর বিক্রি করছে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ বলে শিশু-কিশোরদের কাছে টানছে সে। ছোট ছোট জার্সিগুলো বিক্রি করছে ১০০-১২০ টাকায়। রাজু জানায়, ‘প্রথম প্রথম জার্সি ভালো বিক্রি হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর থেকে ব্যবসা মন্দা।’ এখানে একটি দোকানে পাওয়া যাচ্ছে ছোট-বড় বিছানার চাদর। ১৫০ থেকে ৫০০ টাকা দামের চাদর বিক্রি হচ্ছে বেশ। বাণিজ্য মেলায় তো বটেই, বাইরের মেলায়ও পাওয়া যাচ্ছে ১০০-১৫০ টাকায় মেয়েদের স্যান্ডেল। বিক্রেতা মো. নুরুদ্দোজা জানান, ‘আমরা পাইকারি দামে স্যান্ডেল ছেড়ে দিচ্ছি। তাই দাম কম।’ ঢাকা থেকে মো. খোকন মোল্লা পাপোশ নিয়ে এসেছেন। ছোট-বড় প্রতিজোড়া পাপোশ বিক্রি করছেন ১০০ টাকায়। এ ছাড়া মো. লিটনের দোকানে মেয়েদের হাতব্যাগ পাওয়া যাচ্ছে ১২০ টাকায়। একটু ভালো মানের ব্যাগ বিক্রি হচ্ছে ১৫০-২৫০ টাকা। মিরপুরের মো. সবুজ হোসেন সাজিয়েছেন ডালঘুঁটনি, কাঠের চামচ, লোহার খুন্তি, চিরুনি, প্লাস্টিকের ব্যাংক, কৌটা, চামচ, গ্লাস ইত্যাদি গৃহস্থালি পণ্যসামগ্রীর ১০ টাকার মার্কেট। মূল মেলা থেকে ফেরার পথে এখানে গৃহিণীদের ভিড় করতে দেখা গেছে। মেলা থেকে বেরোচ্ছেন! অমনি কানে আসবে ‘টাকডুম টাকডুম’ ঢোলের বোল। মেলায় হেঁটে হেঁটে ছোট-মাঝারি আকারের ঢোল বিক্রি করছেন শরীয়তপুরের মো. রুবেল। তিনি দাম হাঁকছেন ২০০ টাকা। ক্রেতারা ৭০-৮০ টাকা বললেই ঢোল গছিয়ে দিচ্ছেন রুবেল। ছোটদের জন্য বায়ুভর্তি প্লাস্টিকের বাঘ, হরিণ, সিংহ, ড্রাগন, সামুদ্রিক মাছ ফেরি করছেন কিছু তরুণ, একদাম ৫০ টাকা। এ ছাড়া, ৫০ টাকায় একেবারে ছোট আকারের রঙিন ছাতা এবং ৮০-৯০ টাকায় শিশুদের অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলের সেট বিক্রি হচ্ছে।এখানে স্বয়ংক্রিয় ওজন-উচ্চতা মাপার যন্ত্র নিয়ে বসেছেন নজরুল ইসলাম ও মো. আরাফাত। প্রতিবার পরিমাপের জন্য নিচ্ছেন পাঁচ টাকা। ফলাফলসহ ওজন কত বেশি আছে, কত কমাতে হবে সব বুঝিয়ে দিচ্ছেন। তাঁরা জানান, প্রতিদিন গড়ে দুই হাজার টাকা আয় হচ্ছে। এর মধ্যে ২০০-৩০০ টাকা জায়গার ভাড়া দিতে হয়।