মেলা মানেই কিছু না কিছু বাড়তি পাওনা। হয় পণ্যের দামে ছাড়, না হয় সঙ্গে উপহারের প্রতিশ্রুতি। চিরায়ত মেলার এই আমেজ নিয়ে গতকাল নগরে শুরু হয়েছে আবাসন মেলা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে উপহারের ডালি মেলে বসেছে এবারও।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিশেন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে গতকাল নগরের জিমনেসিয়ামে শুরু হওয়া আবাসন মেলায় অংশ নিচ্ছে ৬৮টি আবাসন কোম্পানি। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অ্যাপার্টমেন্ট ও স্টুডিও অ্যাপার্টমেন্ট বিক্রির ক্ষেত্রে নানা ধরনের ছাড় ও উপহার ঘোষণা করেছে মেলায় অংশ নেওয়া কোম্পানিগুলো।এপিক প্রোপার্টিজ, মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানি, অ্যাফোর্ড ডেভেলপমেন্ট, মহানগর প্রোপার্টি ডেভেলপমেন্ট, মেট্রো অ্যাসেটস, এফজি ডেভেলপমেন্ট, ভিশন হাউজিং লিমিটেড, সিকিউর প্রোপার্টিসহ মেলায় অংশ নেওয়া অধিকাংশ আবাসন কোম্পানি ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এপিক প্রপার্টিজ মেলা উপলক্ষে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ‘বুকিং দিলেই তিনটি চমক’ শীর্ষক এ বিশেষ প্যাকেজ সুবিধার আওতায় রয়েছে ফ্ল্যাট কিনলেই বিশেষ মূল্যছাড়, সাশ্রয়ী ডাউন পেমেন্ট এবং সহজ কিস্তির সুবিধা। মেলায় সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড দিচ্ছে বিশাল ছাড়! স্টুডিও অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়া যাবে মাত্র পাঁচ হাজার টাকায় আর অ্যাপার্টমেন্ট বুকিং দিতে লাগবে এক লাখ টাকা। এখানেই শেষ নয়, স্টুডিও অ্যাপার্টমেন্ট বুকিং দিলেই এক রাত দুই দিন কক্সবাজারে অবকাশযাপনের সুযোগ মিলবে। অ্যাপার্টমেন্ট বুকিং দিলেই পাওয়া যাবে বিনা মূল্যে এলইডি টেলিভিশন অথবা এসি। মহানগর প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড দিচ্ছে বিনা মূল্যে গাড়ি রাখার জায়গা (কার পার্কিং স্পেস)। আর ফ্ল্যাট বিক্রি করছে ছয় মাস আগের দামে। মেট্রো অ্যাসেটস লিমিটেড তাৎক্ষণিকভাবে (স্পটে) চমক দেবে। অর্থাৎ তারা আগাম কোনো ঘোষণা দিচ্ছে না। মেলায় ক্রেতার পণ্য পরিশোধের পরিমাণ এবং বিশেষ কিছু প্রকল্পের ক্ষেত্রে তাঁরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে। মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড মেলায় প্রথম যিনি বুকিং দেবেন তাঁকে একটি মুঠোফোন উপহার দিচ্ছে। ভিশন হাউজিং লিমিটেডের উপহারের ডালিতে রয়েছে এলইডি টেলিভিশন। মেলায় বুকিং দিলেই পাওয়া যাবে এ উপহার সামগ্রীটি।