মেলায় মিলেছে সবাই
খাগড়াছড়ি শহরের জিরো মাইল এলাকা পরিণত হয়েছিল উৎসবের প্রাঙ্গণে। দূরদূরান্ত থেকে লোকজন ছুটে এসেছিল রাজাকে একনজর দেখার জন্য। রাজার হাতে তুলে দেবেন বলে কেউ এনেছিলেন জুম-খেতের চাল কিংবা বিন্নি ধানের পিঠা। আবার কারও হাতে ছিল খেতের কুমড়া, কচু, লাউ। মুখে আধো আধো বোল ফোটা শিশুটিও এসেছিল মা-বাবার সঙ্গে। রাজাকে দেখা চাই তারও। গত শুক্রবার ঐতিহ্যবাহী রাজপুণ্যাহকে ঘিরে এমনই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল খাগড়াছড়িতে। প্রথা অনুযায়ী মং সার্কেলের অষ্টম রাজা সাচিং প্রু চৌধুরী খাগড়াছড়ি অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মৌজা-প্রধান (হেডম্যান) ও আদিবাসীদের কাছ থেকে নেন খাজনা (রাজস্ব) ও উপহার সামগ্রী। একসময় খাজনা আদায়ের দিক থেকে পুণ্যাহর গুরুত্ব থাকলেও এখন এটি প্রথাগত উৎসবে পরিণত হয়েছে। জিরো মাইল এলাকায় রাজবাড়ি প্রাঙ্গণে উপচে পড়া ভিড় সেটাই প্রমাণ করল আরও একবার। জানা গেল, ২০০৮-এ অভিষিক্ত হওয়ার পর এ নিয়ে তৃতীয় বার ঐতিহ্যবাহী রাজপুণ্যাহর আয়োজন করলেন রাজা সাচিং প্রু।শুক্রবার সকালে রাজভবন থেকে রাজা বেরিয়ে এলে একদল প্রহরী তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং অনুষ্ঠানস্থলে নিয়ে যান। এভাবে রাজপুণ্যাহ উৎসবের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে মং সার্কেলের ৮৮ জন হেডম্যান (মৌজা প্রধান) ও আট শতাধিক কার্বারি (গ্রাম প্রধান) যোগ দেন। তাঁরা রাজাকে রাজস্ব দেওয়ার পাশাপাশি উপহার হিসেবে দিয়েছেন নিজেদের খেতের ফসল, সবজি, ফলমূল।মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা থেকে সন্তানদের নিয়ে রাজপুণ্যাহ দেখতে এসেছিলেন হ্লাপ্রুসাই মারমা। তাঁর দুই ছেলে ও মেয়ে রাজাকে দেখে খুব খুশি। রাজবাড়ির প্রাঙ্গণে বসা মেলা থেকে তারা কিনেছে পিঠা ও খেলনা।মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি থেকে রাজপুণ্যাহ দেখতে এসেছিল চার স্কুলছাত্র। তাদের একজন আকবর হোসেন বলে, ‘প্রতিবছর রাজপুণ্যাহ উৎসব হয় বলে শুনেছি। কিন্তু কখনো দেখিনি। তাই এবার চার বন্ধু মিলে দেখতে এসেছি। খুবই ভালো লাগছে।’রাজপুণ্যাহ উপলক্ষে সকালে আলোচনা সভা ও রাজস্ব জমাদান অনুষ্ঠিত হয়। বিকেলে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রাতে পোড়ানো হয় আতশবাজি।