মেলায় মেলায় বিপন্ন পলোগ্রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলোগ্রাউন্ড মাঠে বাঁশ, বালুসহ বিভিন্ন নির্মাণ সরঞ্জাম আনা হয়েছে। মাঠে মহিলা সমিতি আয়োজন করতে যাচ্ছে কুটির শিল্পমেলা। দেড় দশক ধরে প্রতিবছরই এভাবে ভিন্ন ভিন্ন নামে মেলার আয়োজন করা হচ্ছে এই মাঠে। এর মধ্যে অন্যতম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কুটির শিল্পমেলা শেষ হওয়ার কিছুদিন পরই শুরু হবে বাণিজ্য মেলার প্রস্তুতি।সাম্প্রতিক বছরগুলোতে এভাবে ভিন্ন ভিন্ন নামে একের পর এক মেলার আয়োজনের কারণে বছরের উল্লেখযোগ্য সময় পলোগ্রাউন্ড ও আশপাশের শিশু-কিশোরেরা তাদের প্রিয় খেলার মাঠটি থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে। দূরের কোনো মাঠে খেলতে যাওয়ার সুযোগও তাদের হয় না। জানা যায়, নগরের টাইগারপাস ও কদমতলীর মাঝামাঝি সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত পলোগ্রাউন্ড মাঠটির মালিক বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এতে মেলার আয়োজন হয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরোক্ষ আগ্রহে।খোঁজ নিয়ে জানা যায়, মাঠের দক্ষিণ অংশজুড়ে রয়েছে দুটি উচ্চবিদ্যালয়—রেলওয়ে পাবলিক স্কুল ও পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয় এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন। স্থানীয় বাসিন্দা ছাড়াও আশপাশের, বিশেষ করে কদমতলী, টাইগারপাস, পোস্তারপাড়, দেওয়ানহাট প্রভৃতি এলাকার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের খেলাধুলা করার একমাত্র উন্মুক্ত স্থান এটি। ছুটির দিন ছাড়াও প্রায় বিকেলে শিশু-কিশোরদের কোলাহলে মুখরিত থাকে মাঠটির বিস্তৃত প্রাঙ্গণ। মাঠে কখনো এলাকাভিত্তিক, কখনো ক্লাবভিত্তিক ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। কিন্তু একের পর এক মেলার আয়োজনের কারণে নিজ এলাকায় খেলাধুলার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের।এলাকাবাসী জানান, মেলা উপলক্ষে এক মাস ধরে চলে প্রস্তুতি পর্ব। এরপর দেড় মাসব্যাপী চলে মেলা। মেলা শেষে অলসভাবে কয়েক সপ্তাহ ধরে চলে ইট-কাঠের দঙ্গল সরানোর কাজ।এ প্রসঙ্গে পলোগ্রাউন্ড কলোনি এলাকার কিশোর রাকিবুল ইসলাম জানায়, পলোগ্রাউন্ডে মেলার সময়টায় তার খেলাধুলা প্রায় বন্ধ থাকে। কারণ, মা-বাবার কাছ থেকে দূরের কোনো মাঠে খেলতে যাওয়ার অনুমতি মেলে না। অন্যদিকে, মেলা চলাকালে মাইকের উচ্চ আওয়াজের কারণে পড়াশোনারও ক্ষতি হয়।স্থানীয় লোকজন জানান, মেলা আয়োজনের জন্য পলোগ্রাউন্ড মাঠটি খোঁড়াখুঁড়ি করা হয় অপরিকল্পিতভাবে। মেলা অঙ্গনকে দৃষ্টিনন্দন করার জন্য একাধিক ফোয়ারা তৈরি করা হয়। মাঠজুড়ে ইট বিছানো ছাড়াও বিভিন্ন স্টল-প্যাভিলিয়নের মেঝে তৈরি করা হয় ইট-সিমেন্ট-টাইলসের প্রলেপ দিয়ে। ফলে সবুজ ঘাসের মাঠটি মেলার পর পরিণত হয় ধূসর মরুভূমিতে।স্থানীয় বাসিন্দা মো. রাজ্জাক বলেন, ‘আগে সারা বছর মাঠটি সবুজ ঘাসে ছেয়ে থাকত। কিন্তু মেলা শুরু হওয়ার পর থেকে মাঠে মাটির চেয়ে ধুলার পরিমাণ বেড়ে গেছে। প্রতিবছর মেলার ক্ষত সামলে মাঠটি সবুজ রং ফিরে পেতে শুরু করার কিছুদিন পরই পরবর্তী মেলার তোড়জোড়। মাঠের পুরোনো গাছগুলো মরে যাওয়ার পর নতুন করে লাগানো হয়নি। রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি সূত্র জানায়, মাঠটি ব্যবহারের জন্য মেলার আয়োজক কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দেন। এই টাকা দিয়ে মেলার পর মাঠে মাটি ভরাট করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ের জুনিয়র পারসোনেল অফিসার মো. আজিজুল আলম সেলিম বলেন, ‘মেলা শেষে মেলার আয়োজক কর্তৃপক্ষ মাঠটিকে খেলাধুলার উপযোগী করে দেয়। কিন্তু বারবার খোঁড়ার ফলে মাঠের যে ক্ষতি হয়, তা আবার মাটি ভরাট করে কিংবা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব কি না তা ভাবার বিষয়।’ নাম প্রকাশ না করে স্থানীয় লোকজন বলেন, মাঠটিকে ইট, কাঠ, সিমেন্টের অতিব্যবহার ও খোঁড়াখুঁড়ির অনাচার থেকে মুক্ত করে সাময়িকভাবে যত্নের সঙ্গে ব্যবহার করা যায়। এতে শিশু-কিশোররা নিরাপদ ও আনন্দের সঙ্গে তাদের অবসরটুকু কাটানোর সুযোগ পাবে।