মেলায় যাই রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠের ঘোড়া, তৈরি হচ্ছে মৃৎপণ্য, একটি স্টলে শোলার তৈরি ফুল–পাখি
কাঠের ঘোড়া, তৈরি হচ্ছে মৃৎপণ্য, একটি স্টলে শোলার তৈরি ফুল–পাখি

শীতলপাটি এখন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই কারুপণ্যের কদর বেড়ে গেছে। তার প্রমাণও পাওয়া গেল লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবে। ১৮ জানুয়ারি মেলা ঘুরে দেখা গেল বেশ কয়েকটা স্টলে নানা কারুকাজের শীতলপাটি। তামা-কাঁসারও নজরকাড়া কিছু কারুপণ্যও চোখে পড়ল। মুখোশের আদলে তৈরি তালাও এনেছেন কারুশিল্পীরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবছরই এ মেলা ও উৎসবের আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এবারের মেলা শুরু হয়েছে ১৪ জানুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকে।

কাপড়ে নকশা করা হাতপাখা
কাপড়ে নকশা করা হাতপাখা

মেলার বৈশিষ্ট্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের বাঁশ, বেত, কাঠ, শোলা, মাটি, পাট, কাঁসাসহ নানা উপাদানের কারুপণ্য এখানে নিয়ে আসেন কারুশিল্পীরা। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলার প্রদর্শনীর আয়োজনও রয়েছে। সারা দিন বেড়ানো, কারুপণ্য কেনাকাটা করার জন্য এ উৎসব ভালো একটা উপলক্ষ। খাবারের দোকানও রয়েছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল বায়োস্কোপ, পুতুলনাচ বা নৌকায় বেড়ানোর মতো আয়োজনও রয়েছে দর্শকদের জন্য।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক মো. রবিউল ইসলাম জানালেন, দেশের কারুশিল্পের পুনরুজ্জীবন, সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এবারও দর্শনার্থী ভালো। মোট ১৮০টি স্টল রয়েছে মেলায়। কারুপণ্যের পাশাপাশি বেশ কিছু স্টলে পাঁচমিশালি পণ্যও পাওয়া যাবে। বিকেল ৫টা পর্যন্ত মেলার প্রবেশমূল্য ৩০ টাকা, তবে ৫টার পর প্রবেশে কোনো টিকিট লাগবে না।

একটা দিন বের করে দিব্যি ঘুরে আসা যায় এই মেলায়। মেলার সঙ্গে সঙ্গে পানাম নগরীও ঘুরতে পারবেন।