মেলায় যাইরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন লোকজ খেলার
মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন লোকজ খেলার
বাঁশ–বেতের পণ্য
বাঁশ–বেতের পণ্য

বাইরে থেকে দেখেই বোঝা গেল চলছে কোনো বিশাল আয়োজন। মাইকের আওয়াজ, প্রবেশের জন্য লম্বা লাইন। মেলায় ঢোকার মুখেই দেখা গেল ফুল দিয়ে সাজানো বাঁশের প্রবেশদ্বার। চারদিকে শীতের নানা রঙের ফুল। সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন মেলায় আসা দর্শকেরা। রয়েছে কৃত্রিম হ্রদে নৌকায় করে আনন্দ ভ্রমণের সুবিধা। ২০০ টাকায় চারজন নৌকায় করে ৩০ মিনিট ঘুরতে পারবেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জাতীয় লোক ও কারুশিল্প জাদুঘরে আয়োজন করা হয়েছে এই মেলাটির। ১৯৭৬ সাল থেকে প্রতিবছর হয়ে আসছে এই লোকজ মেলা। ১৪ জানুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
রাস্তা ধরে হাঁটলে কিছুক্ষণ পরপরই পাওয়া যাচ্ছে খেজুরের রস, তাজা পেয়ারা, বরই, পাকা সফেদা প্রভৃতি দেশীয় ফল। রাঙামাটির কারুশিল্পীরা স্টলে বসেই তৈরি করছেন গায়ে দেওয়ার চাদর। শোলাশিল্পী নয়ন ও তপন মালাকার দুই ভাই করে যাচ্ছেন হাতের কাজ। প্রতিবছর এসে পটচিত্র আঁকতেন ঢাকার রঘুনাথ চক্রবর্তী। কিছুদিন আগে তিনি মারা যাওয়ায় তাঁর কাজ নিয়ে এবার মেলায় প্রতিনিধিত্ব করছেন তাঁর স্ত্রী নমিতা চক্রবর্তী।

তাঁেত বোনা হচ্ছে কাপড়
তাঁেত বোনা হচ্ছে কাপড়
.
.

আলী হোসেন এই মেলার শুরু থেকে আজও বিক্রি করে যাচ্ছেন চিনির গজা, লোনছা নিমকি, লাড্ডু, বাতাসা, কদমা, নকুলদানা, তিলের খাজা ও খেলনা। আছে পুতুলনাচ ও জাদু দেখার সুবিধা। টিকিটের দাম ৩০ টাকা। মাঠে আছে জলিল মিয়ার বায়োস্কোপ। প্রায় হারিয়ে যাওয়া এই প্রদর্শনীর প্রতিটি শো দেখতে পারবেন ১০ টাকায়। দেশের বিভিন্ন এলাকার শিল্পীদের জন্য মেলায় রয়েছে ১৭২টি স্টল।
মেলায় রয়েছে প্রসাধনী, বাসন, অলংকার, নকশি কাঁথা, খেলনা, জামদানিসহ নানা রকমের শাড়ি। আছে বিভিন্ন ধরনের খাবার। প্রায় ২০০ বছরের পুরোনো নকশি কাঁথা প্রদর্শন করা হয়েছে এবারের মেলায়। থাকছে নাচ-গান, পাশেই চলছে গ্রামীণ খেলা ওপেনটি বায়োস্কোপ, রুমাল চুরির পাশাপাশি প্রতিদিনই চলবে নানা ধরনের লোকজ খেলা। বৈদ্যের বাজার এন এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন খেলা দেখায়। প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে আবার নতুন করে পরিচয় করার জন্য এই আয়োজন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। বেলা তিনটা থেকে শুরু হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাতে একটু সময় নিয়ে গেলে বেড়িয়ে আসতে পারেন পানামনগর।

অাঁকা হচ্ছে পটচিত্র
অাঁকা হচ্ছে পটচিত্র
কাজে মগ্ন কারুশিল্পীরা
কাজে মগ্ন কারুশিল্পীরা