
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস। একদিকে ব্যবসায়ী, অন্যদিকে মানবদরদি হিসেবে পরিচিত। ১৯৯৮ সালে বিল গেটস ও মেলিন্ডা গেটসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ সর্বশেষ তথ্য অনুযায়ী ২৬ বিলিয়ন ডলার দান করেছে। মেলিন্ডা বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর ২০১৩ ও ২০১৪ সালের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে তৃতীয় স্থানে আছেন।
১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করা মেলিন্ডার পুরো নাম মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তাঁর বাবা রেমন্ড জোসেফ ফ্রেঞ্চ ও মা অ্যালেইন অ্যাগনেস অ্যামারল্যান্ড। বাবা ছিলেন প্রকৌশলী। এ দম্পতির চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেলিন্ডা সেন্ট মনিটা ক্যাথলিক বিদ্যালয়ের সেরা ছাত্রী হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিউক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক এবং ডিউক ফুকুয়া স্কুল অব বিজনেস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বিল গেটসের সঙ্গে বিয়ের আগে থেকেই মাইক্রোসফটে পেশাজীবন শুরু করেন মেলিন্ডা। এমএস পাবলিশার, এমএস বব, এনকার্টা ও এক্সপিডিয়া প্রকল্পে কাজ করেছেন। তিনি মাইক্রোসফট থেকে ইনফরমেশন প্রোডাক্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন। এখন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন।
ডিউক ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা মেলিন্ডা কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। ২০০২ সালে জেফারসন অ্যাওয়ার্ড, ২০০৫ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন-এর দৃষ্টিতে পারসন অব দি ইয়ার, ২০০৬ সালে অর্ডার অব দি অ্যাজটেক ইগল ইত্যাদি উল্লেখযোগ্য। ডিউক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে সম্মানসূচক ডিগ্রি ছাড়াও ২০১১ সালে ছিলেন ৬ষ্ঠ স্থানে এবং ২০১২ সালে এ তালিকায় তিনি ছিলেন চতুর্থ। মানবহিতৈষী কাজের জন্য ২০১৩ সালে মেলিন্ডা যুক্তরাজ্যের ‘দ্য মোস্ট এক্সিল্যান্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ হিসেবে কাজ করেন। শিশুদের বিদ্যালয়, শিক্ষা ইত্যাদি কাজে নিয়মিতভাবেই সহযোগিতা করা মেলিন্ডা ও বিল গেটস দম্পতির তিন সন্তান নিয়ে সংসার। বাকি জীবনে মানুষের সেবা করে যেতে চান।
নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: উইকিপিডিয়া, ফোর্বস