মেষশাবক রুবিসের রহস্যগল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাগ্রোনোমিক রিসার্চ থেকে হারিয়ে যায় জেলিফিশের জিন মিশিয়ে জন্ম দেওয়া একটি মেষশাবক। প্রতীকী ছবি: দ্য গার্ডিয়ান
ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাগ্রোনোমিক রিসার্চ থেকে হারিয়ে যায় জেলিফিশের জিন মিশিয়ে জন্ম দেওয়া একটি মেষশাবক। প্রতীকী ছবি: দ্য গার্ডিয়ান

এ যেন সায়েন্স ফিকশনের রহস্যগল্প। গবেষণার জন্য এমেরুদে নামের একটি মেষের ডিএনএ পরিবর্তন করা হলো। মেষটির জিনের সঙ্গে সাগরতলের জেলিফিশের জিন মিশিয়ে জন্ম দেওয়া হলো রুবিস নামের একটি মেষশাবকের। লক্ষ্য ছিল জেলিফিশের মতো স্বচ্ছ হবে রুবিসের ত্বক। হয়েছিলও তাই।

বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল হৃৎপিণ্ড প্রতিস্থাপন পর্যবেক্ষণের গবেষণায় কাজে লাগানো হবে রুবিসকে। কিন্তু তার আগেই বিশ্ববিখ্যাত গবেষণার থেকে হারিয়ে গেল রুবিস! এই ঘটনায় তোলপাড় চলছে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাগ্রোনোমিক রিসার্চে (আইএনআরএ)। অনুসন্ধানে নেমেছে পুলিশও। কিন্তু ধারণা করা হচ্ছে কোনো এক কসাইখানা হয়ে শেষমেশ কারও পাতে গিয়েই শেষ হয়েছে মেষশাবক রুবিসের গল্প!

এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে মানুষের স্বাস্থ্য নিয়েও। কেননা সত্যিই যদি রুবিস কোনো কসাইখানায় বিক্রি হয়ে থাকে আর জিনগত পরিবর্তনে জন্ম নেওয়া মেষশাবকটির মাংস মানুষের পেটে গিয়ে থাকে তাহলে কী হবে! অবশ্য ফ্রান্সের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই গবেষণাগারের বিজ্ঞানীরা জোর গলায় বলছেন, জেলিফিশ প্রোটিনের সঙ্গে জিনগত মিশ্রণ ঘটানো হলেও মেষশাবকটির মাংস খাওয়া নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই।

ফ্রান্সের লা প্যারিসিয়ান পত্রিকাটি জানিয়েছে, ২০০৯ সাল থেকে চালু হওয়া ‘গ্রিন শিপ’ নামের একটি প্রকল্পের আওতায় এই গবেষণা চালিয়ে আসছিলেন ফরাসি বিজ্ঞানীরা। এ প্রকল্পের অংশ হিসেবেই ‘আইএনআরএ’র গবেষকেরা এমেরুদে নামের মেষটির ডিএনএ পরিবর্তন করে তাতে জেলিফিশের বিশেষ জিন ‘গ্রিন ফ্লোরোসেন্ট প্রোটিন’ মেশান। ২০১৪ সালের বসন্তকালে এমেরুদের শাবক রুবিসের জন্ম হয়।


কিন্তু ঘটনাক্রমে, জিনগত পরিবর্তন করা হয়নি এমন অন্যান্য মেষশাবকের সঙ্গে মিশিয়ে ফেলা হয় রুবিসকে। পরে অন্যান্য মেষগুলোর সঙ্গে এক কসাইখানায় বিক্রি হয়ে যায় রুবিস। অনুসন্ধানকারীরা সন্দেহ করছেন, গবেষণাগারের এক কর্মী কৌশলে তাঁর উর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে একটা নথিতে স্বাক্ষর করিয়ে নেয় এবং গত বছরের নভেম্বর মাসে রুবিসকে বিক্রি করে দেয়। এই ঘটনা ফাঁস হওয়ার পর জানা গেছে, গবেষণাগারটির ওই দুই কর্মকর্তার সম্পর্ক খুবই খারাপ ছিল।

ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাগ্রোনোমিক রিসার্চের প্রেসিডেন্ট বোনোইত মালপোঁ বলেছেন, এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে, একইসঙ্গে তিনি জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে, এটা মানুষের স্বাস্থ্যের জন্য কোনো হুমকি ডেকে আনবে না। তিনি বলেন,‘এই মাংস খাওয়ায় ভোক্তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি নেই।

’স্বনামধন্য এই গবেষণাগারটির প্রধান আরও জানিয়েছেন, ইতিমধ্যেই এক টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং জুলাই মাসে শুনানির মুখোমুখি করা হবে তাকে। তিনি বলেন,‘তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও দলগত কাজের পরিবেশের অসন্তোষ থেকে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, ঘটনা যাই হোক এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ব-বিখ্যাত একটা প্রতিষ্ঠান হয়ে আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না।’