মেসি আসছেন
পাঁচ বছর বয়সী ছেলেটার বল নিয়ে ছোটাছুটি দেখে আনন্দে বুক ভরে যায় বাবার। কারখানার শ্রমিক, শৌখিন ফুটবল কোচ বাবা স্বপ্ন দেখেন—ছেলে তার একদিন বড় ফুটবলার হবে। দিন কাটে তার পিচ্চি ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখে।কিন্তু হায়! ধীরে ধীরে ফিকে হয়ে আসতে থাকতে স্বপ্নের রং। ছেলেটা ফুটবল ভালোই খেলে। কিন্তু ফুটবলার হবে কী করে? শরীরটা যে আর বাড়ে না! ছেলেটার বয়স ১১ হতে না হতেই বোঝা গেল, হরমোন-সংক্রান্ত জটিল এক রোগে ভুগছে সে। ছেলেটা তাঁর তাহলে আর বড় ফুটবলার হবে না?সেদিন ভুল করেছিলেন রোসারিওর সেই দরিদ্র বাবা। মারাত্মক ভুল করেছিলেন। ছেলেটি তাঁর ফুটবলার হয়েছে, বড় ফুটবলার। এত্তো বড় ফুটবলার হয়েছে যে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, সেদিনের সেই পিচ্চি ছেলেটিই সর্বকালের সেরা ফুটবলার কি না! বুঝতেই পারছেন কার কথা হচ্ছে। কেউ বলেন মেসিডোনা, কেউ বলেন মেসাইয়াহ, খোদ ম্যারাডোনা বলেন যিশু! আর ছোটখাটো গড়নের বিনয়ী ছেলেটি এক গাল হেসে বলে, ‘আমি আর কেউ না। আমি মেসি, শুধুই লিওনেল আন্দ্রেস মেসি।’গল্পের শুরু হয়েছিল ১৯৮৭ সালের ২৪ জুন। এদিন রোসারিও শহরের জর্জ হোরাসিও মেসির চতুর্থ সন্তান ও তৃতীয় ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছিলেন লিওনেল মেসি। শৌখিন কোচ বাবার কল্যাণে হাঁটতে শেখার সঙ্গে সঙ্গেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল। বাবার ক্লাব গ্রান্দোলিতে প্রতিযোগিতামূলক ফুটবলের শুরু। আর পেশাদার ফুটবলের শুরু ১৯৯৫ সালে নিউয়েলস ওল্ড বয়েস ক্লাবের হয়ে। এর পরই সেই হরমোন-সংক্রান্ত রোগ শনাক্ত হলো এখনকার ফিফা বিশ্বসেরা ফুটবলারটির। এই রোগে আক্রান্ত মানুষের শারীরিক বৃদ্ধি থেমে থাকে।আধুনিক চিকিত্সাবিজ্ঞান অবশ্য এই রোগের সমাধান তত দিনে আবিষ্কার করে ফেলেছে। কিন্তু সে সমাধান দরিদ্র মেসি পরিবারের আয়ত্তের বাইরে। চিকিত্সা করাতে চাইলে মাসে প্রায় এক হাজার ডলার মূল্যের একটি করে ইনজেকশন করাতে হবে।পরিস্থিতি সমাধানে এগিয়ে এলেন বার্সেলোনার স্কাউটরা। তাঁরা মেসির জাদুকরি ফুটবল ক্ষমতা সম্পর্কে জানালেন স্পেনের বার্সেলোনা ক্লাবকে। ওদিকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেকচাস আবার মেসির এক আত্মীয়র মাধ্যমে শুনেছিলেন ছেলেটির গল্প। দুইয়ে মিলিয়ে ২০০০ সালের অক্টোবর মাসে বার্সেলোনার কমপ্লেক্সের মাঠে আয়োজন করা হলো এক বিশেষ ফুটবলার বাছাই ম্যাচের। সে ম্যাচে ২২ জন খেলোয়াড়ের মধ্যে প্রতিযোগী ছিলেন মাত্র একজনই। বেশি সময় লাগল না। মাত্র মিনিট পাঁচেক খেলা দেখার পরই রেকচাস চিত্কার করে উঠলেন, ‘এখনই, এখনই ছেলেটাকে সই করাতে হবে।’সেই শুরু। তারপর স্রেফ ইতিহাস। বার্সেলোনার দেওয়া শর্ত অনুযায়ী সবকিছু ছেড়ে মেসি পরিবার চলে এল স্পেনে। আর পৃথিবীকে একটু একটু করে দ্রুত পায়ের তলে নামিয়ে আনতে শুরু করলেন মেসি। ২০০৩ সালের পোর্তোর বিপক্ষে একটা প্রীতি ম্যাচে বার্সেলোনা সিনিয়র দলের হয়ে অভিষেক হলো ১৬ বছর ১৪৫ দিন বয়সে। বিশ্ব জানতে শুরু করল খুদে এক জাদুকরের গল্প। খুদে জাদুকরের গল্পটা বাইরের বিশ্ব আসলে প্রথমে জানল আর্জেন্টিনার কারণেই। বার্সেলোনার হয়ে বিশ্ব মাতানোর আগেই মেসি আর্জেন্টিনাকে এনে দিলেন একটা বিশ্বকাপ, যুব বিশ্বকাপ। ২০০৫ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জেতার পথে নিজে জিতলেন গোল্ডেন বল আর গোল্ডেন বুট। লোকে জানল, আরও একজন ম্যারাডোনা আসছেন। পরের মৌসুমেই লোকেদের আরও নিশ্চিত করে দিলেন বার্সেলোনার হয়ে। ২৬ লিগ ম্যাচে ১৪ গোল করলেন এ মৌসুমে; যার ১১টি গোলই এল শেষ ১৩ ম্যাচ থেকে। একটু একটু করে ফুটে উঠতে থাকা মেসিকে এই সময় পর পর কয়েকটা ধাক্কা দিল ইনজুরি।ওই ইনজুরি নিয়েই ২০০৬ বিশ্বকাপে খেলতে এসেছিলেন জার্মানিতে। কোচ হোসে পেকারম্যানের অবিশ্বাস আর বিদায় নিতে থাকা ইনজুরির কারণে সব ম্যাচ খেলা হয়নি। তার পরও যেটুকু সময় মাঠে থেকেছেন জাত চিনিয়েছেন। গ্যালারিতে বসে খোদ ডিয়েগো ম্যারাডোনা চিত্কার করেছেন ‘মেসি-মেসি’ বলে।আর বিশ্ব ম্যারাডোনা-মেসিকে এক করে ফেলল ২০০৭ সালের ১৮ এপ্রিল। গেটাফের বিপক্ষে এদিন দুটি গোল করলেন মেসি। এর একটি দেখে কেঁপে উঠল বিশ্ব। ৬২ মিটার দূর থেকে দৌড় শুরু করলেন, গুনে গুনে সেই ছয়জন খেলোয়াড়কেই কাটালেন, বল নিয়ে কর্নার ফ্লাগের কাছে চলে গেলেন এবং সেই ভঙ্গিতেই বল পাঠালেন জালে। কোন ভঙ্গিতে?ওই যে সেই ডিয়েগো ম্যারাডোনা যে ভঙ্গিতে সর্বকালের সেরা গোলটি করেছিলেন। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ম্যারাডোনার সেই গোলটির প্রতিলিপি দেখে সবাই নিশ্চিত হলেন, বিশ্বনিয়ন্তাদের একজনই হয়ে উঠছেন মেসি। সেটা নিশ্চিত হয়ে যেতে পারত ২০০৭ সালেই। ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাকার কাছে হেরে রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো। পরের বছর আরও ভালো পারফরম্যান্স। কিন্তু এ বছর মেসিকে দ্বিতীয় স্থানেই রেখে বর্ষসেরা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর কত সহ্য হয়!বেশি সইতে হলো না। ২০০৮-০৯ মৌসুমে ৫১ ম্যাচে ৩৮ গোল করে এবং ১৮টি গোল করিয়ে ২০০৯ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়ে গেলেন মেসি। ২০০৯ সাল মেসির জীবনে এল পুরস্কারের ঝুলি নিয়ে। এই বছর জিতলেন ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা সকার খেলোয়াড়সহ উল্লেখ্য-অনুল্লেখ্য গোটা দশেক বড় বড় ট্রফি। বেশির ভাগ ক্ষেত্রে লড়াইটা হলো তাঁর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। এবার আর লড়াই হবে বলে মনে হচ্ছে না। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে ৪০ গোল করা হয়ে গেছে। পরিসংখ্যান দিয়ে বোঝানো যাচ্ছে, এখনকার মেসি-উন্মাদনাটা। মেসি মাঠে নামলেই দুই-তিন-চারটে করে গোল। এখন আর তাঁর সঙ্গে এ সময়ের কারও প্রতিদ্বন্দ্বিতা নেই। এখন তাঁর প্রতিদ্বন্ধী হয়ে দাঁড়িয়েছেন পেলে-ম্যারাডোনা-ডি স্টেফানোরা!মেসির কানেও যাচ্ছে এসব কথা। পাত্তা দিচ্ছেন না। দুনিয়াজুড়ে ‘মেসিয়াহ, মেসিয়াহ’ বলে যে রব উঠেছে তা শুনেও শুনছেন না। কারণ, তাঁর কাছে এসবই অর্থহীন। তিনিও চান সর্বকালের সেরাদের খাতায় নাম লেখাতে।কিন্তু সেটা করার জন্য ৩০-৪০টা ক্লাব গোল কোনো কাজে দেবে না। মেসিই বলছেন, ইতিহাসে নাম লেখাতে হলে কী করতে হবে, ‘সর্বকালের সেরা ফুটবলাররা বিশ্বকাপে পারফরম করেছেন এবং বিশ্বকাপ জিতেছেন। ফলে আমি এখন ওই কাজটা করার কথাই ভাবছি।’এবার কাজ-কর্ম বাদ দিন, জমিয়ে টিভির সামনে বসুন। নিশ্চিত থাকুন, একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন আপনি। মেসি-ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।