মেসি-ঢেউ লাগেনি চট্টগ্রামের ফুটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা যখন ‘মেসি’ ‘মেসি’ রবে উন্মাতাল, তখন চট্টগ্রাম একেবারে নীরব। গত বছরের বিশ্বকাপ ফুটবলের সময়ও চট্টগ্রামের পাড়া-মহল্লায় উড়েছে মেসির দেশ আর্জেন্টিনার পতাকা। এবার সেই মেসিরাই খেলছেন এ দেশের মাটিতে। কিন্তু তবু যেন সমর্থকদের মধ্যে নেই কোনো উচ্ছ্বাস, মাতামাতি। কেন এই নীরবতা?মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক শায়েস্তা খানের কথায় পাওয়া গেল এই প্রশ্নের উত্তর। তাঁর মতে, ‘এমনিতেই এ দেশের ফুটবল ঝিমিয়ে পড়েছে। তার ওপর চট্টগ্রামের ফুটবল আরও বেশি শোচনীয়। বাংলাদেশ লিগ করার কারণে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান এখন স্থানীয় লিগেও নেই। তাই প্রতিদ্বন্দ্বিতাও নেই। তার ওপর পাতানো খেলার ঘটনাও ঘটছে। এসব কারণে ফুটবলের ওপর আগ্রহ হারিয়েছে দর্শক। তাই মেসিদের ঘিরে উত্তেজনা তেমন নেই।’বিশেষজ্ঞদের মতে, ফুটবল নিয়ে উন্মাদনার অভাবে আর্জেন্টিনা কিংবা নাইজেরিয়ার মতো দল দেশে আসার পরও কোনো রকম উচ্ছ্বাস চট্টগ্রামে নেই। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটি দেখার জন্য চট্টগ্রামে কোনো বড় পর্দাও চোখে পড়েনি। অথচ বিশ্বকাপের সময় আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ মানেই ছিল শহরজুড়ে হইহই রব।কিন্তু ফুটবলপাগল লোকজনের কতজন স্থানীয় লিগের খবর রাখেন? চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবল নিয়ে ২২ জন খেলোয়াড় কাড়াকাড়ি করছেন, অথচ দর্শক বলতে গুটিকয়েক ক্লাব কর্মকর্তা।যাদের বর্তমান ফুটবল লিগের খবর রাখার টুকটাক ইচ্ছা আছে, তাদের জন্য নিচের তথ্যটি দরকার। এখন চট্টগ্রামে সিজেকেএসের ব্যবস্থাপনায় চলছে কিশোর ফুটবল লিগ। এ ছাড়া জেলা ফুটবল সংস্থার ব্যানারে চলছে এখন চট্টগ্রামে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় বিভাগ সুপার লিগ ও পরে প্রিমিয়ার ফুটবল লিগও শুরু হবে। এর আগে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রিমিয়ারের দলবদল। দুই বড় দলের অনুপস্থিতিতে প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন রিজেন্সি ক্লাব। রানার্সআপ নওজোয়ান।বাংলাদেশ লিগের কারণে কয়েক বছর ধরে স্থানীয় মোহামেডান, আবাহনী চট্টগ্রাম লিগের বাইরে। এই দুটি দলের খেলার সময় কিছুটা দর্শক দেখা যেত। এখন তা-ও নেই। অথচ একসময় স্থানীয় ফুটবল লিগ নিয়ে টিকিট কালোবাজারি, ভাঙচুর, মারামারি ছিল নিত্যদিনের ঘটনা। এই হাঙ্গামার ভয়ে ওই সময়টাতে স্টেডিয়াম এলাকায় লোকজন কাচের স্থাপনা করতে পর্যন্ত ভয় পেত।গত মাসে এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হওয়া প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশিপও এ রকমই দর্শক-খরায় ভুগেছে। তবে এই দর্শক-খরার কথা উঠলেই বারবার উঠে আসে দেড় যুগ আগের সেই মোহামেডান-আবাহনীর পাতানো ফাইনাল ম্যাচের স্মৃতি।শায়েস্তা খান জানান, ‘ওই ম্যাচটির পর থেকে দর্শক আস্তে আস্তে কমতে থাকে। এখন তা আরও কমে গেছে।’তবে স্থানীয় সংগঠকেরা দর্শক-খরার জন্য পাতানো ম্যাচের চেয়ে আকাশ সংস্কৃতির প্রভাবকে দুষছেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল বলেন, ‘পাতানো ম্যাচ ছাড়াও এখন টিভি খুললেই বিশ্বের বড় বড় ফুটবল লিগের খেলা, বড় বড় তারকা দেখতে পাওয়া যায়। তাই স্থানীয় ফুটবলে মানুষের আগ্রহটা কমে গেছে। আমাদের ঢাকার ফুটবলেরও এখন আগের মতো ক্রেজ নেই। মেসির আর্জেন্টিনা ও নাইজেরিয়া চট্টগ্রামসহ সারা দেশের ফুটবলকে জাগাতে পারবে কি না সেই সংশয় রয়েই যাচ্ছে।’