তিন বছরের ছেলেকে পাশে বসিয়ে রিকশায় যাচ্ছিলাম। রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালের উচ্চতা ছাড়িয়ে মাথা উঁচু করে ছড়িয়ে থাকা পাতাগুলোকে দেখিয়ে ছেলে আমার বলল, ‘মা, কলাগাছ।’ ওর কথা শুনে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো আমার চোখে জল চলে এল। বাসার পেছনের কয়েকটি কলাগাছ, একটি খেজুর আর কিছুটা দূরের কৃষ্ণচূড়াগাছ দেখিয়ে সন্তানকে প্রকৃতি চেনানোর চেষ্টা তা হলে সফল হতে চলেছে! গল্পের পেছনে গল্প থাকে, যেমন আমারও আছে। ছাত্রজীবনে দেশ থেকে একবার আমরা চারজন মেয়ে একটা কর্মশালায় গিয়েছিলাম শ্রীলঙ্কায়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত ক্যান্ডির একটি রিট্রিট সেন্টারে ওয়ার্কশপটা হয়েছিল। ছকে বাঁধা দিন কাটাতে হচ্ছিল বলে বোধ হয় একটু বেশিই হাঁপিয়ে উঠেছিলাম। যে আমি ছিলাম কুম্ভকর্ণ সে আমারও ঠিকমতো ঘুম হতো না। একদিন খুব ভোরে অন্যদের ঘুম ভাঙার আগেই চলে গেলাম পাশের বাগানে। একা। পাহাড়ের ঢালে বিশাল জায়গাজুড়ে কী সুন্দর বাগান! বিভিন্ন রকম ফুল, ফল, পাতাবাহার আর ছোট-বড় গাছপালা দিয়ে পুরো জায়গাটি সাজানো। মুগ্ধ আমি ঘুরে ঘুরে প্রকৃতির রং, রূপ দেখছিলাম, পাখির ডাক শুনছিলাম। হূদয়ের সবটুকু কৃতজ্ঞতা দৃষ্টিতে ঢেলে নীরবে সৃষ্টিকর্তাকে বলছিলাম, ‘কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা!’ দেখলাম লোহার মাচার ওপর আঙুরলতা তুলে দেওয়া হয়েছে। থোকায় থোকায় আঙুর ধরেছে তাতে। মনে আছে, স্বচক্ষে আঙুরগাছ সেই প্রথম দেখেছিলাম। ওমা, একি! পাতাগুলো দেখি কুমড়া পাতার মতো খসখসে আর হুলওয়ালা! অথচ বালিশের ওয়ারে মায়ের ফুলতোলা আঙুরলতা দেখতে কত না কোমল ছিল! নিজের ভালো লাগার আবিষ্কারগুলো আর কাউকে দেখাতে পারছিলাম না বলে মনটা একটু বুঝি খারাপও হয়েছিল। এমন সময় হঠাৎ পায়ের কাছে শব্দ করে কী যেন পড়ল। ভীষণ ভয় পেয়ে গেলাম। চমকে দেখি, একটি বেশ বড় ফলের মতো জিনিস, বোঁটাটাও বেশ মোটা। হাতে তুলে দেখলাম, ওটা যেন শক্ত শুকনো কাঠে বানানো। ওপরে তাকাতে চোখে পড়ল উঁচু লম্বা গাছে ওমন বেশ কিছু ফল ঝুলে আছে। ফলটা হাতে করেই রুমে ফিরলাম। ততক্ষণে সবাই ঘুম থেকে উঠেছে। দেশের সঙ্গীদের দেখিয়ে বললাম, ‘দেখো, কী অদ্ভুত একটা ফল। মনে হলো, আমি যেন উপেন। গাছটিই ভালোবেসে আমাকে ফলটি উপহার দিল। কিংবা সুন্দর সকালে ঈশ্বরের কাছ থেকেই একটা সুন্দর উপহার পেলাম।’ নীভাদি জানতে চাইলেন, ‘কী করবে ওটা দিয়ে?’ ‘কেন? দেশে নিয়ে যাব। সাজিয়ে রাখব।’ সত্যিই সেই ফল আমার সঙ্গে বাংলাদেশে এল। বাসায় ফিরে স্যুটকেস খুলে বাবাকে ওটা দেখিয়ে বললাম, ‘কী সুন্দর একটা ফল, তাই না বাবা?’ ‘ওটা তো মেহগনি ফল। ওটা আবার টেনে এনেছিস কেন?’ বাবার কাছে গাছের নামটা শুনে আমার আর নিজের অজ্ঞতার পরিমাণ বুঝতে বাকি রইল না। স্কুলের বইতে ওই নাম কত পড়েছি! অনেক দিন পর নীভাদির সঙ্গে দেখা হলে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ‘নীভাদি, আপনি কি ফলটা চিনতেন না?’ ‘কেন চিনব না?’ ‘তবে তখন আমাকে বললেন না কেন?’ ‘তুমি যে হারে ওটার সৌন্দর্যে অভিভূত হয়েছিলে, আমি ওই সাধারণ নামটা বলি কী করে?’ ঘটনাটা মনে পড়লে আজও আমার মনে হয়, প্রকৃতি বুঝি সেদিন নিজেই কলেজের বোটানি মিস মিসেস রীনা দাস হয়ে উদ্যোগ নিয়েছিল আমাকে গাছ চেনানোর। কী অনবদ্য ছিল প্রকৃতির সেই টিচিং মেথড! আচ্ছা, আমার ছেলে কি মেহগনিগাছ চিনবে, চিনবে নাগেশ্বর, নাগলিঙ্গম, দেবদারু কিংবা উলটকম্বলগাছ? প্রকৃতি কি তাকেও শেখাবে ওমন করে? মনটা শঙ্কিত হয়ে ওঠে। হায়! যে হারে অট্টালিকা উঠছে, দেশে আর গাছ থাকবে তো?কেকা অধিকারী[email protected]