মেহনতি মানুষের জয়গানে মে দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে দিবস উপলক্ষে শিল্পকলা একাডে​িমর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গান করেন শিল্পীরা
মে দিবস উপলক্ষে শিল্পকলা একাডে​িমর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গান করেন শিল্পীরা

গান, নাচ, আবৃত্তি, বিতর্ক, নাটক ও কথামালার মধ্য দিয়ে মহান মে দিবসে শ্রমিকের জয়গান ধ্বনিত হয়েছে নগরজুড়ে। ১ মে নগরের বিভিন্ন স্থানে সামাজিক–সাংস্কৃতিক সংগঠনগুলো মে দিবস পালন করে। জেলা শিল্পকলা একাডেিম ও ডিসি হিলে ছিল সাংস্কৃতিক আয়োজন।
জেলা শিল্পকলা একাডেিম: সমাজ সমীক্ষা সংঘ, তারুণ্যের উচ্ছ্বাস, অরিন্দম নাট্য সম্প্রদায়, অভ্যুদয় সংগীত অঙ্গন ও দৃষ্টি চট্টগ্রামের যৌথ আয়োজনে ১ মে শিল্পকলায় মে দিবস পালিত হয়। শিল্পকলা একাডেিমর মুক্তমঞ্চে বিকেল পাঁচটায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘জয়ধ্বনি জীবনের মুক্তির শপথের, জনতার শ্রমিকের বিশ্ব পতাকা’। শুরুতেই ছিল কথামালার আসর। আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু। অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত ও সচেতন নাগরিক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া, অরিন্দম নাট্য সম্প্রদায়ের সম্পাদক সাইফুল আলম, অভ্যুদয় সংগীত অঙ্গনের সাধারণ সম্পাদক সুমন বসাক ও দৃষ্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল করিম।
সভায় বক্তারা বলেন, মে দিবসের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
আলোচনা অনুষ্ঠানের পর ‘শেকল ভাঙার গান’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশন করেন সমাজ সমীক্ষা সংঘের শিল্পীরা। ‘মশালের লাল ওই জ্বলছে’ শিরোনামে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিশিল্পীরা। এরপর ছিল অভ্যুদয়ের ‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে দলীয় সংগীত পরিবেশনা। সব শেষে দৃষ্টি চট্টগ্রাম পরিবেশন করে ‘পেশাজীবী-শ্রমজীবী বিতর্ক’।
ডিসি হিল: ‘রক্তে ধোয়া মে তোমায় সেলাম’ স্লোগানে নগরের ডিসি হিলে মে দিবস পালিত হয়। বিকেলে কথামালা পর্বের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মে দিবস উদ্যাপন পরিষদের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানের কথামালা পর্বে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশ। বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক রাহাত উল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশ। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ে পাশে থাকবেন চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরাও।
কথামালা শেষে একে একে পরিবেশনা নিয়ে মঞ্চে আসে প্রমা আবৃত্তি সংগঠন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট, বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম থিয়েটার ও উদীচীর শিল্পীরা। সবশেষে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র মোরশেদুল ইসলামের চলচ্চিত্র আগামী প্রদর্শন করে।