সেইবার আব্বার বোনাস হয়নি। মাসকাবারি বেতন দিয়ে তো আর ঈদ হয় না। কোম্পানি থেকে বলা হয়েছে, ঈদের পর পরই বোনাস দিয়ে দেওয়া হবে। কোরবানির ঈদ। জামা-কাপড়ের তেমন ঝামেলা নেই। কিন্তু কোরবানির গরু কেনা নিয়ে আব্বাকে চিন্তায় পড়তে হলো। মধ্যবিত্ত হওয়ার অনেক কষ্ট। এই কষ্ট মেনে নেওয়াটাও আরেকটা কষ্ট।ঈদের তখন ১৫ দিন মতো বাকি। খবর এল আম্মার এক মামা আসবেন। ভদ্রলোক রাজনৈতিক দলের সাবেক কর্তাস্থানীয় ব্যক্তি। যত দিন ক্ষমতা ছিল, সবাই সামনে সালাম তুলেছে। পাঁচটা বছর কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নামে কেস ফাইল হতে থাকে। এরই জের ধরে প্রতি ছয় মাস পরপর তাঁকে এই মফস্বলের আদালতে এসে হাজিরা দিতে হয়। আম্মা ভালো বিপদে পড়লেন। এসি রুমে থাকা মানুষ কীভাবে পলেস্তারা ওঠা, মরচে পড়া ফ্যানের নিচে ঘুমাবেন—সেটাই তাঁর চিন্তার মুখ্য বিষয়। তার ওপর খাবারদাবারের ব্যাপার আছে। আম্মা ঠিক করলেন তাঁর জমানো প্রাইজবন্ডগুলো ভাঙাবেন। সব মিলিয়ে দুই হাজার মতো হবে। তা-ই সই। শাক দিয়ে মাছ ঢাকার মতো আলমারির সবচেয়ে দামি চাদর দিয়ে তোশকের ফুটোগুলো ঢাকা হলো। সোফার ঘুণে খাওয়া আর ভাঙা অংশগুলো মীনা কার্টুনের স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হলো। জানালার পর্দাগুলো একসঙ্গে এঁটে দেওয়া হলো। সেদিন দুপুরে ভদ্রলোক এলেন। বাসার সামনে কালো নিশান জিপ। গরু কেনার জমানো টাকা থেকে দরজায় নতুন পাপোশও কেনা হয়েছে। হাজিরা শেষে দুপুরে সবাই খেতে বসেছে, আম্মা বসেননি। খাবার কম পড়তে পারে। তিনি সবাইকে ভাত বেড়ে দিচ্ছেন। কথায় কথায় ঈদের কথা উঠে এল। ভদ্রলোক ভাত মাখতে মাখতে বললেন, আর ঈদ। বড় ছেলেটা কানাডা গেছে পড়তে। ওখানকার কোনো একটি ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে ছয় বছর হলো, ফেরেনি। এদিকে তাঁর এ অবস্থা। ১৬টি জেলার কোর্টে হাজিরা দিতে দিতে জীবন শেষ। পরিবারের দিকে খোঁজ রাখতে পারেননি। ফারজানার (তাঁর স্ত্রী) কবে ক্যানসার ধরা পড়েছে, তিনি নিজেও জানেন না। আম্মা মাঝেমধ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পারেন না। কারণ, তাঁর জগৎ আলু, পটোল আর বঁটি থেকে তেল মাখানো চিরুনি পর্যন্ত সীমাবদ্ধ। ভদ্রলোকের এক ছেলে চিকিৎসক। তিনিও নিজের মতো বিয়ে করে পরিবার থেকে বিচ্ছিন্ন। শুধু ছোট মেয়েটা এখনো বাড়িতেই থাকে। তিনি মেয়েটাকে সামনে চলাফেরা করতেই দেখেন। কথা বলতে পারেন না।আমরা অবাক হয়ে লক্ষ করলাম, মঞ্চে আগুন ঝরানো মানুষের জীবনে শূন্যস্থানের সংখ্যা অনেক। এঁরা জীবনের বিষণ্নতা ঢাকতেই রোদচশমা পরে থাকেন। যাওয়ার সময় ভদ্রলোক বাবাকে ডেকে বললেন, গ্রামের বাড়িতে তাঁর একটা এঁড়ে গরু কেনা আছে। এবার ওটা যেন আমরা কোরবানি দিই। ঢাকায় খুব সস্তায় তিনি একটা উট পেয়ে গেছেন। বাবা মাথা ঝাঁকিয়ে সায় দিলেও শেষমেশ আর সেই গরু কোরবানি দেননি। সন্ধ্যার দিকে নিশান গাড়িটা বিদায় নেয়। আম্মা বালতিতে পানি ভরতে থাকেন। ঘরভর্তি ধুলো। তিনি ঘর মুছতে থাকেন। বাবা ছোটমানুষের মতো বললেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে একটা গরু হবে না? হওয়ার তো কথা, তাই না? জুবায়ের আলমকুষ্টিয়া।