মেহেদি রাঙা হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সবে মাধ্যমিক স্কুলে পা রেখেছি। ফ্রক বাদ দিয়ে সালোয়ার-কামিজ পরছি। চোখেমুখে লেগে থাকত দুষ্টুমির ঝিলিক। বাড়িতে থাকতাম নিরীহ গরুর মতো আর বাইরে শয়তানের হাড্ডি! অবশ্য আমার চলন-বলন দেখেই বোঝা যেত, আমি কেমন, তবে তা ছিল হালকার ওপরে ঝাপসা। প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে অন্যতম প্যারাগ্রাফটি হচ্ছে ‘লোডশেডিং’। আমাদের ক্লাসটিচার বিশ্বজিৎ সাহা বলে দিয়েছেন, পরীক্ষায় এটা আসার সম্ভাবনা ৯৯%। সুতরাং খুব ভালো করে শিখতে হবে। এ স্যারের সঙ্গে আমার এবং আমার আরও তিন বান্ধবীর বেশ ভালো সম্পর্ক ছিল। স্যার আমাদের ভীষণ আদর করতেন। আমরা আমাদের সবকিছুই স্যারের সঙ্গে শেয়ার করতাম। এখন সমস্যা হচ্ছে, প্যারাগ্রাফের প্রথম লাইন। লাইনটা খুব বড় এবং বেশ কঠিন। কিছুতেই মনে থাকে না। সব লাইন মনে থাকে, শুধু এটা থাকে না। মহা সমস্যা। কী করা যায়? মাথায় এল এক দুষ্টুবুদ্ধি। পরীক্ষায় যাওয়ার আগে বাঁ হাতের তালুতে খুব সুন্দর করে লাইনটা লিখে নিলাম। ভয় লাগছিল। এর আগে কখনো এ রকম চোরামি করিনি। আর যদি ধরা পড়ি, তাহলে তো মানসম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। এদিকে হয়েছে কি, আমার সেই তিন বান্ধবী খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়েছে। তাই পরীক্ষার দিন সকালে স্কুলে গিয়েই তারা বিশ্বজিৎ স্যারকে মেহেদি দেখাল। স্যার বললেন, ‘বাহ্! বেশ সুন্দর তো।’ মনে মনে ভাবলেন, ‘এরা চারজন তো ঘনিষ্ঠ বান্ধবী। তাহলে নিশ্চয়ই মিমিও মেহেদি দিয়েছে। ঠিক আছে, আসুক, দেখা যাবে।’ পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে চোরের মতো মাথা নিচু করে স্কুলে ঢুকলাম। বাঁ হাত সাবধানে রেখেছি। ভয়ে বুক ঢিপঢিপ করছে। এমন সময় সামনে এসে বিশ্বজিৎ স্যার হাজির। চোরের মন পুলিশ পুলিশ! ভয় পেয়ে স্যারকে আদাব দিতেও ভুলে গেলাম। স্যার এক গাল মিষ্টি হেসে বললেন, ‘কই, দেখি তো তোর হাত দুটো?’ মাথাটা একটা চক্কর দিল, সেই সঙ্গে সারা শরীরে ২৫০০ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। খাইছে আমারে! স্যার কন কী! স্যার কীভাবে জানলেন। ভয়ে গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেল। কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছিল। মনে মনে তওবা করতে লাগলাম, সেই সঙ্গে সূরা ফাতিহা পাঠ। স্যার বললেন, ‘কী? দেখাবি না?’ আমি বাম হাত পেছনে লুকালাম। স্যার ভিলেন মার্কা হাসি দিয়ে বললেন, ‘দেখাবি না তো? ঠিক আছে, হলে যা। সেখানে তোকে ধরব।’ বলে চলে গেলেন। ওরে বাবা! আমি শেষ! এক দৌড়ে গেলাম বাথরুমে। সেখানে গিয়ে হাতে সে কী ঘষাঘষি! একবার পানি দিয়ে ঘষি, আরেকবার সাবান দিয়ে। কিন্তু লেখা ওঠে না। ঘষতে ঘষতে হাত লাল করে ফেললাম। তারপর উঠল। ২০ বার তওবা করলাম, জীবনে দ্বিতীয়বার এহেন কুকর্ম করব না। অতঃপর পরীক্ষায় সেই প্যারাগ্রাফই এসেছিল। কিন্তু প্রথম লাইন মনে ছিল না। নো প্রবলেম। দেখাদেখি করলে তো কোনো দোষ নেই!